হজযাত্রীদের পছন্দের এয়ারলাইনে যাওয়ার সুযোগ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রীদের নিজেদের পছন্দের এয়ারলাইনসে সৌদি আরব যাওয়ার অনুমতি দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। তবে রিট আবেদনকারী রেজাউল ইসলামের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।অবকাশকালীন চেম্বার বিচারপতি এ এইচ এম শামুসদ্দিন চৌধুরী রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানি নিয়ে গতকাল রোববার এ আদেশ দেন।গত ২৪ এপ্রিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হজযাত্রী পরিবহনসংক্রান্ত সভায় ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে এবং বাকি ৫০ শতাংশ সৌদি এরাবিয়ান এয়ারলাইনস পরিবহন করবে বলে সিদ্ধান্ত হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে হজে গমনে ইচ্ছুক রেজাউল ইসলাম এবং আল মাহমুদ ট্রাভেলসের প্রোপ্রাইটার আবদুল কবীর খান ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শেখ আবদুল্লাহ হাইকোর্টে রিট করেন। এ বিষয়ে প্রাথমিক শুনানির পর ২৯ জুলাই হাইকোর্ট রুল জারির পাশাপাশি নিজেদের পছন্দের এয়ারলাইনসে হজে যেতে ইচ্ছুকেরা সৌদি আরবে যেতে পারবেন বলে অনুমতি দেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ গত সপ্তাহে আপিল বিভাগে আবেদন করে।আবেদনের ওপর গতকাল রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন। রিট আবেদনের পক্ষে ছিলেন শেখ ফজলে নূর তাপস, মো. মেহেদী হাসান চৌধুরী ও মাহবুব শফিক।পরে মাহবুব শফিক প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করে আদালত বলেছেন, রেজাউল ইসলামের ক্ষেত্রে এ আদেশ প্রাযোজ্য হবে না।