হজযাত্রীদের পথ চিনিয়ে দেন পরিচ্ছন্নতাকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের মক্কা ও মদিনার রাস্তাঘাটে চোখে পড়ে হলুদ-কমলা পোশাক পরা লোকজন। তাঁরা সিটি করপোরেশনের (বালাদিয়া) পরিচ্ছন্নতাকর্মী। স্থানীয় লোকজন তাঁদের বলেন ‘দাল্লা বাহিনী’। দাল্লা প্রতিষ্ঠান আগে ছিল, এখন নেই। এই পরিচ্ছন্নতাকর্মীদের বেশির ভাগই বাংলাদেশি। পবিত্র হজের সময় তাঁরা পথ হারানো হাজিদের পথ চিনিয়ে দেন এবং বিভিন্নভাবে সহায়তা করেন। এই কাজ হাসিমুখেই করেন বলে জানালেন তাঁদের একজন আবদুল মোতালিব।
মক্কায় কথা হয় জয়পুরহাটের কালাই উপজেলার মোতালিবের সঙ্গে। ৪২ বছর বয়সী মোতালিব বলেন, ‘বাবার বয়সী হাজিদের বাড়ি পৌঁছে দেওয়াকে সওয়াবের কাজ মনে করি।’ তিনিসহ কয়েকজন জানান, তাঁরা হাজিদের সুলভে কেনাকাটা, কম খরচে দেশে টেলিফোন করা—এসব বিষয়েও সহায়তা করেন।
মক্কার কাকিয়া এলাকায় দাল্লা ক্যাম্প ‘মক্কা সিটি ক্লিনিং প্রজেক্ট’-এ বাস করেন চার হাজার বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী। হজের সময় এ সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়। ওই ক্যাম্পে কাঁচাবাজার, দরজির দোকান, সেলুন, কম্পিউটার, মুঠোফোন, হোটেল, কাপড়ের দোকানসহ প্রায় ২০০ দোকান রয়েছে। এখানে জিনিসপত্রের দাম বাইরের দোকানের তুলনায় কম। তাই বাংলাদেশি হজযাত্রী ও বাংলাদেশিরা এ ক্যাম্পে কেনাকাটা করেন।
সাত বছর ধরে পরিচ্ছন্নতাকর্মীর চাকরি করা আবদুল মোতালিবও থাকেন ওই ক্যাম্পে। কষ্টের কথা জানাতে তিনি বলেন, ‘দিনে আট ঘণ্টা কাজ করি, সাপ্তাহিক ছুটি এক দিন। কিন্তু বেতন মাসে মাত্র ২৫০ রিয়াল। এই অর্থে মাস চলে না। বাড়তি আয়ের জন্য মালামাল ওঠানো-নামানোসহ বিভিন্ন কাজ করি। দেশের লোক এসব কথা জানে না। প্রতি মাসে ঠিকই টাকা পাঠাই।’ তিনি জানান, ২০০৭ সালে আড়াই লাখ টাকা খরচ করে সৌদি আরবে এসেছিলেন। বছরে ছুটি পান, কিন্তু বিমানের টিকিট খরচ নিজের। তাই দেশে যাওয়া হয় না, প্রতিদিন ফোনে কথা বলেন।
দাল্লা ক্যাম্পে কথা হয় আরেক বাংলাদেশি নরসিংদীর রায়পুরা উপজেলার মিজানের সঙ্গে। তিনি বলেন, ‘বাংলাদেশি যুবক ভাইদের অনুরোধ করছি, তাঁরা যেন ন্যূনতম বেতন ৬০০ রিয়াল ও সরকারি নির্দেশনা মেনে বিদেশে আসেন।’
এদিকে বাংলাদেশের অনেক হজযাত্রী ঢাকার হজ ক্যাম্পেই হজসম্পর্কিত বই পেয়েছেন। পিরোজপুরের শফিকুল ইসলাম বলেন, ‘হজে আসার আগে অনেক বই-পুস্তক পড়েছি। ঢাকার আশকোনা হজ ক্যাম্পে বিনা মূল্যে পেয়েছি প্রথম আলোর হজ গাইড। তা সঙ্গে এনেছি। এ গাইডে হজের নিয়মকানুন ছাড়াও বেশ কিছু টিপস দেওয়া আছে, যা সৌদি আরবে সবার জন্য সহায়ক হয়েছে।’
জেদ্দা বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৭৩ হাজার ৩৮৬ জন হজযাত্রী সৌদি আরবে এসেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৪১৮ জন, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন। প্রতিদিন হাজিদের ছবি, মৃত হাজির নাম, পরিচয় ও তথ্য হালনাগাদ করা হয় www.hajj.gov.bd এ ঠিকানায়।