হজযাত্রীদের পাসপোর্ট জমার সময় বাড়ানোর আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ১ লাখ ২৭ হাজার ৩১০ জন হজযাত্রীর পাসপোর্ট ভিসার জন্য সৌদি ই-হজ পোর্টালে নিবন্ধিত হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ভিসা দেওয়া হয়েছে ১ লাখ ২৫ হাজার ৭৮৫ জনকে। সৌদি ই-হজ পোর্টালে এ তথ্য দেওয়া হয়েছে।

এদিকে ঢাকার আশকোনার হজ কার্যালয় বলেছে, যেসব হজযাত্রীর ভিসা বাকি আছে, তাঁদের জন্য সৌদি দূতাবাসের কাছে আরও তিন দিন সময় চেয়েছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল ছিল ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়ার শেষ দিন। তবে বিকেল পর্যন্ত ৪ হাজার ৭৭৬ জন হজযাত্রীর পাসপোর্ট হজ কার্যালয়ে জমা হয়নি।

যাত্রী-সংকটের কারণে গতকালও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি হজ ফ্লাইট বাতিল হয়েছে। এ দুটি ফ্লাইটে ৮৩৮ জন হজযাত্রী যেতে পারতেন। এ ছাড়া বিমানের একটি হজ ফ্লাইট ১০০ আসন ও সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট ৪৫টি আসন ফাঁকা নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছে।

সৌদি ই-হজ পোর্টালের তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৬৯ হাজার ৪৬০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে যাওয়ার কথা।

আশকোনার হজ কার্যালয়ের পরিচালক মো. সাইফুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, বাকি হজযাত্রীদের ভিসার জন্য আরও তিন দিন পাসপোর্ট জমা নিতে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি দূতাবাসের কাছে আবেদন করা হয়েছে। এ ছাড়া আরও ৫ শতাংশ
হজযাত্রী প্রতিস্থাপনের (রিপ্লেসমেন্ট) জন্য দুই দিন সময় চেয়ে আবেদন করা হয়েছে। এসব আবেদনের অনুমোদন পেতে কোনো অসুবিধা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় গতকাল দুটিসহ গত ২০ দিনে বিমান ও সৌদি এয়ারলাইনসের ২৯টি হজ ফ্লাইট বাতিল বা পেছানো হলো। বিমান কর্তৃপক্ষ বলেছে, যাত্রী-সংকটের এই অবস্থা চলতে থাকলে সব হজযাত্রীকে জেদ্দায় পৌঁছানো অনেক বড় চ্যালেঞ্জ হবে। কারণ, হজযাত্রী পরিবহনে এখনই বিমান বাংলাদেশের ১ হাজার ১৩৬ জন হজযাত্রীর ‘ক্যাপাসিটি লস’ আছে।

এদিকে হজ ফ্লাইট সূচি অনুযায়ী, ২৬ আগস্ট বিমান বাংলাদেশ ও ২৭ আগস্ট সৌদি এয়ারলাইনস ঢাকা থেকে শেষ প্রাক্-হজ ফ্লাইট পরিচালনা করার কথা। ইতিমধ্যে ভিসা পাওয়া ৫৬ হাজার ৩২৫ জনের যাত্রা এখনো বাকি। বাকি নয় দিনে তাঁদের এবং যাঁরা এখনো ভিসা পাননি তাঁরা ভিসা পেলে তাঁদের পরিবহন করায় সমস্যা হতে পারে। এ জন্য বিমান বাংলাদেশ আরও দুই দিন হজ ফ্লাইট পরিচালনার কথা ভাবছে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনু বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ২৬ আগস্টের পর আরও দুই দিন (২৭ ও ২৮ আগস্ট) হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করেছে। এ ছাড়া সৌদি এয়ারলাইনসকে আরও ৪ থেকে ৫ হাজার হজযাত্রী পরিবহনের অনুরোধ করা হয়েছে।

হজ কার্যালয় বলেছে, প্রতিবছরের মতো এবারও কিছু হজযাত্রী ড্রপআউট থাকতে পারেন। কিছু হজযাত্রী স্বেচ্ছায়, অসুস্থতায় অথবা নানা কারণে হজে যাওয়া বাতিল করেন। এই সংখ্যা গতবার ২ শতাংশ ছিল। এবারও সংখ্যাটা এমন হতে পারে।

বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয় গত ২৪ জুলাই। গতকাল সৌদি এয়ারলাইনসের চারটি ও বিমানের চারটি ফ্লাইটে ৩ হাজার ৩৩১ জন সৌদি আরবে পৌঁছেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ প্রথম আলোকে বলেন, প্রতিদিন সকালে হজ এজেন্সিগুলোকে ই-মেইল বার্তার মাধ্যমে জানানো হয় ফ্লাইটে কতসংখ্যক আসন ফাঁকা আছে। তবু কোনো সাড়া পাওয়া যায় না। এর ফলে বিমানের ফ্লাইট বাতিল হচ্ছে বা কম যাত্রী নিয়ে (আন্ডারলোড) ফ্লাইট ছাড়তে হয়। ভিসা পাওয়া হজযাত্রীদের টিকিট বুকিং করতে হজ এজেন্সিগুলোকে অনুরোধ জানান বিমানের এই কর্মকর্তা।