হজযাত্রীদের প্রথম ফ্লাইট গেল জেদ্দা
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে ৪০১ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে রওনা দেয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী হজ ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী মতিউর রহমান।
এবার বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ করতে সৌদি আরব যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইট মোট ৫১ হাজার হজযাত্রী পরিবহন করবে। বাকি হজযাত্রীদের পরিবহন করবে সৌদি এয়ারলাইনস।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মুশাররফ হোসেন বলেন, ‘আজ (বৃহস্পতিবার) নির্ধারিত ফ্লাইট ছাড়াও দুটি ফ্লাইট হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।’
এর মধ্যে ৪১৯ জন যাত্রী নিয়ে হজ ফ্লাইট (বিজি-৩০১১)-এর জেদ্দার উদ্দেশে বিকেল পাঁচটায় ঢাকা ত্যাগের কথা রয়েছে। শিডিউল হজ ফ্লাইট (বিজি-০০৩৫) ৪১৯ জন হজযাত্রী নিয়ে সকাল ১১টা ৫৯ মিনিটে ঢাকা ত্যাগ করে।