হজযাত্রীদের শরীরে মেয়াদোত্তীর্ণ টিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে সিভিল সার্জনের কার্যালয়ের তত্ত্বাবধানে হজযাত্রীদের মেয়াদোত্তীর্ণ টিকা (ভ্যাকসিন) দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার টিকা দেওয়ার সময় এক হজযাত্রীর কাছে বিষয়টি ধরা পড়লে টিকাগুলো সরিয়ে ফেলা হয়।সরেজমিনে জানা গেছে, হজযাত্রীদের চিকিৎসা সনদ সংগ্রহের আগে দুটি করে টিকা নিতে হয়। মাদারীপুরে সিভিল সার্জনের কার্যালয়ের তত্ত্বাবধানে রোববার থেকে এই কার্যক্রম শুরু হয়। রোববার প্রথম দিনে ৪৩ জন হজযাত্রীকে টিকা দেওয়া হয়। সোমবার ২০৭ জনকে দেওয়ার কথা। বেলা তিনটার দিকে রাজৈর উপজেলার মোতালেব মিয়া টের পান, তাঁকে দেওয়া টিকার মেয়াদ পাঁচ মাস আগেই শেষ হয়েছে। এ সময় তিনি ক্ষিপ্ত হলে অন্যান্য হজযাত্রীসহ স্থানীয়রা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে ভিড় করেন।কর্তব্যরত কর্মকর্তারা তখনই মেয়াদোত্তীর্ণ অন্য টিকাগুলো সরিয়ে ফেলেন। এরই মধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত দেড় শতাধিক হজযাত্রীকে মেয়াদোত্তীর্ণ ওই টিকা দেওয়া হয়। পরে অন্যদের নতুন টিকা দেওয়া হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন খালেদা খানম বলেন, ‘হজযাত্রীদের মেয়াদোত্তীর্ণ টিকা প্রয়োগের কথা শুনেছি। চিকিৎসা কর্মকর্তা এস এম খলিলুজ্জামান টিকাগুলো দেখে কাগজে স্বাক্ষর করে সরবরাহ করেছেন। এই বিষয়টি তিনি বলতে পারবেন।’ এস এম খলিলুজ্জামান বলেন, মেয়াদোত্তীর্ণ টিকাগুলো ভুলবশত নেওয়া হয়েছিল। তবে কাউকেই মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।