হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হজ ব্যবস্থাপনা আরও সহজ ও গতিশীল করতে বছরব্যাপী হজ নিবন্ধন প্রক্রিয়া চালু করা হবে। এতে ঝামেলা কমে যাবে। হজযাত্রীদের সঙ্গে কেউ প্রতারণা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর উত্তরায় আশকোনা হাজি ক্যাম্পে হজ কার্যক্রম উদ্বোধনকালে গতকাল বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।
এ বছরের হজ ফ্লাইট শুরু হবে ১৬ আগস্ট রোববার। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।
শেখ হাসিনা বলেন, ‘আমরা হজ পালনে বছরব্যাপী নিবন্ধনের সিদ্ধান্ত নিচ্ছি। বিদ্যমান ব্যবস্থায় নির্দিষ্ট সময়ে নাম নিবন্ধনের জন্য একজন ব্যক্তিকে অনেক তাড়াহুড়া করতে হয়। নিবন্ধন প্রক্রিয়া সারা বছর চললে হজযাত্রীরা সময় নিয়ে স্বস্তির সঙ্গে নাম নিবন্ধন করতে পারবেন।’ এরপর থেকে লটারির মাধ্যমে হজযাত্রী নির্বাচন করা হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তখন নিবন্ধন হবে অনলাইনে, যা হজ ব্যবস্থাপনাকে সহজ ও গতিশীল করবে।
প্রধানমন্ত্রী বলেন, হজ পালন এখন সুনিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনে আনা হয়েছে। হজ শাখা অফিস জেদ্দা থেকে মক্কায় বাংলাদেশ হজ মিশনে স্থানান্তর করা হয়েছে। মক্কায় হজ মিশন আরও শক্তিশালী করে পাঁচ বছর মেয়াদি জাতীয় হজনীতি প্রণয়ন করেছে সরকার। তিনি বলেন, তাঁর সরকার আরও আধুনিক এবং আইটিভিত্তিক জাতীয় হজ ও ওমরাহ নীতিমালা-২০১৪ প্রণয়ন করেছে। বর্তমান হজ ব্যবস্থাপনা এই নীতিমালার আলোকে পরিচালিত হচ্ছে।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতে ১৫ আগস্ট রাতে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্য সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, সমাজ এখনো শিশুহত্যা, নারী ও অন্তঃসত্ত্বা নারীহত্যার নৃশংসতা থেকে মুক্ত হয়নি। আপনারা দেখেছেন, স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তির প্রেতাত্মারা সম্প্রতি আন্দোলনের নামে কীভাবে শিশু, মহিলা ও গর্ভবতী নারীদের পুড়িয়েছে।
পরে প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং তাঁদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো হজযাত্রীর সঙ্গে কোনো প্রতারণার ঘটনা ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না। তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, স্থানীয় সাংসদ সাহারা খাতুন এবং ঢাকায় সৌদি আরবের চার্জ দ্য অ্যাফেয়ার্স আল-হাসান আলী আল হাজমি বক্তব্য দেন।