হজযাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে বাড়িতে তালা
ফরিদপুরে দেড় শতাধিক হজযাত্রীর টাকা নিয়ে আহমদ মাশরু নামের এক ব্যক্তি গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হজে যেতে না পেরে ক্ষুব্ধ লোকজন গতকাল শুক্রবার দুপুরে শহরের গোয়ালচামট এলাকায় ওই ব্যক্তির বাড়িতে তালা লাগিয়ে দিয়েছেন। প্রতারণার শিকার মো. ইউসুফ ভুক্তভোগী ব্যক্তিদের পক্ষে আহমেদ মাশরুর বিরুদ্ধে গত বুধবার থানায় অভিযোগ দিয়েছেন।
প্রতারণার শিকার লোকজন অবিলম্বে মাশরুকে গ্রেপ্তার ও তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গোয়ালচামট এলাকার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী দুজনে আহমদ মাশরুকে আমার পেনশনের টাকা থেকে পাঁচ লাখ টাকা দিয়েছি। কিন্তু হজে যেতে পারিনি। আমার সঙ্গে মাশরু প্রতারণা করেছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু আলমগীর হোসেনই নন, মাশরুর প্রতারণার কারণে ফরিদপুর ও আশপাশের এলাকার দেড় শতাধিক ব্যক্তি এবার হজে যেতে পারেননি। তাঁদের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন মাশরু। শহরের হারুকান্দি এলাকায় আহমেদ মাশরুর ‘মাশরু এয়ার ট্রাভেলস’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার কাজী কামরুল বলেন, ‘টাকা আদায়ের লক্ষ্যে মামলা দায়ের করার পাশাপাশি চাপ প্রয়োগ করতে আহমেদ মাসরুর বাড়িতে আমরা তালা লাগিয়ে দিয়েছি।’
মাশরুর মুঠোফোন বন্ধ থাকায় অভিযোগের ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে মাশরুর স্ত্রী তাহেরা বেগম বলেন, প্রত্যেকের পাওনা পরিশোধ করে দেওয়া হবে। তিনি বলেন, ‘আমাদের লাইসেন্স বাতিল হওয়ায় অন্য প্রতিষ্ঠানের কাছে আমার স্বামী টাকা দিয়েছিল। কিন্তু সেই প্রতিষ্ঠান আমাদের সঙ্গে কথা রাখেনি। এমনকি আমাদের টাকাও দিচ্ছে না।’
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ বলেন, ‘হজযাত্রীদের সঙ্গে প্রতারণার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’