হজযাত্রীর দিনলিপি
পবিত্র হজ পালন করতে আসা মানুষ ৪০ থেকে ৫০ দিন সৌদি আরবে অবস্থান করেন। বাংলাদেশ থেকে এবার ১ লাখ ১ হাজারের বেশি মানুষ হজ পালন করবেন। তাঁদের বেশির ভাগই সৌদি আরবে চলে এসেছেন।
বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসা এই হজযাত্রীরা মক্কার বিভিন্ন এলাকায় বাড়িভাড়া নিয়ে থাকছেন। গতকাল মঙ্গলবার মক্কার ইবরাহিম খলিল রোড এলাকায় এমনই একটি বাড়িতে গেলাম। বেসরকারি ব্যবস্থাপনায় আসা হজযাত্রীরা কেমন আছেন দেখার জন্য। ভবনটিতে সিঁড়ি ও লিফট দুটিই আছে।
বাড়িটি ফন্দুক ফৌজিয়া আবদুল করিম ভবন নামে পরিচিত। ভবনে ঢুকে দেখা গেল টেলিভিশনে বাংলাদেশের একটি চ্যানেলের খবর হচ্ছে। স্থানীয় সময় তখন বেলা ১১টা। কয়েকজন বাংলাদেশি টিভির সামনে বসে খবর দেখছেন।
প্রতি ৪৫ জন হজযাত্রীর দেখভাল করার জন্য রয়েছেন একজন করে গাইড। বাড়িটির মাঝারি মাপের প্রতি ঘরে চারজন করে থাকার ব্যবস্থা। ৪০১ নম্বর ঘরে ঢুকলাম। ফ্যান ঘুরছে, শীতাতপনিয়ন্ত্রণ (এসি) যন্ত্রও চলছে। চট্টগ্রাম থেকে আসা নার্গিস আকতার কাপড় ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিচয় হলো। কাজ শেষ করে আলাপের শুরুতে বললেন, ‘আল্লাহর অশেষ রহমত, মদিনায় মসজিদে নববিতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় করেছি, পবিত্র কাবাঘর দেখলাম। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ কাবাঘরে পড়ছি। জীবনের পরম পাওয়া বলতে পারেন।’
এই ঘরে আরও থাকেন নার্গিস আকতারের মা আমেনা বেগম, শাশুড়ি সুফিয়া খানম, পাশের ঘরে থাকেন স্বামী আবুল কাশেম। এই প্রতিবেদককে কিছু খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেন তাঁরা। বাংলার চিরায়ত অতিথি আপ্যায়ন।
আশপাশের সবাই বাংলাদেশি। নারীদের সঙ্গে আসা পুরুষেরা থাকেন একই তলার বিভিন্ন ঘরে। নার্গিস আকতার বললেন, আবহাওয়াটা বেশ গরম। তবে তাঁরা এ নিয়ে তেমন ভাবেন না। আশপাশের সবাই বাংলাদেশি বলে বিদেশ বলে মনে হচ্ছে না।
কাছেই সরকারি ব্যবস্থাপনার একটি বাড়িতে গিয়ে কথা হলো বাংলাদেশি কয়েকজন হজযাত্রীর সঙ্গে। তাঁদের একজন হুমায়ুন কবির বললেন, ‘সরকারি ব্যবস্থাপনার কথা তেমন প্রচার হয় না। কিন্তু সরকারি ব্যবস্থাপনায় এসে বাড়ি ভাড়ার অবশিষ্ট টাকা আমাদের ফেরত দিয়েছে। এটা বেসরকারি ব্যবস্থাপনায় হয় না।’
কথা বলতে বলতে জোহরের আজান হলো। ঘড়ির কাঁটায় দুপুর ১২টা। তাঁদের সঙ্গে পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায় করতে গেলাম। রাস্তায় বের হয়ে ছাতা খুলতে হলো। প্রচণ্ড গরম, ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
বাংলাদেশি হজযাত্রীরা বললেন, তাঁদের দিন শুরু হয় ভোর সাড়ে চারটায়। অজু করে যান মসজিদুল হারামে। সেখানে নামাজ আদায় করেন।
হাজিদের খাবার বাইরে থেকে রান্না করে আনতে হয়। বাড়িতে রান্না করলে অসাবধানে আগুন ধরে যেতে পারে, এ জন্য কর্তৃপক্ষ রান্না করার অনুমতি দেয় না।
ওই বাড়িতে থাকা হজযাত্রীরা বলেন, নাশতা খেয়ে অনেকে একটু ঘুমিয়ে নেন। গোসল সেরে জোহরের নামাজ পড়তে যান কাবা শরিফে। জোহরের নামাজ আদায় করে বাসায় ফিরে দুপুরের খাবার খান। বেলা তিনটা থেকে আসরের নামাজের প্রস্তুতি নিতে হয়। আসরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে একেবারে এশার নামাজ পড়ে বাসায় ফেরেন তাঁরা।
নামাজ ও তাওয়াফ শেষে বাড়ি ফিরে সবাই একসঙ্গে খাবার খান। তারপর ঘুমাতে যান। ফজরের নামাজের আগে ওঠার জন্য মোবাইল ফোনে অ্যালার্ম দিয়ে রাখেন।
জেদ্দা বিমানবন্দর সূত্র বলেছে, বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৯০ হাজার ৮১৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।