হজযাত্রীরা চরম দুর্ভোগে
বিমান ছাড়বে বুধবার (গতকাল) বিকেল পাঁচটায়। যাত্রার দুই থেকে তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছালেই চলে। কিন্তু দুপুর ১২টায় বিমানবন্দরের টার্মিনালে দেখা গেল মুন্সিগঞ্জের মোহাম্মদ হাবিবুর রহমানকে। হাবিবুর জানালেন, পরিবারের অন্য সদস্যদের নিয়ে তিনি মঙ্গলবার দিবাগত রাত তিনটায় বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। সারা রাত কেটেছে নির্ঘুম।
এত আগে এসেছেন কেন জানতে চাইলে হতাশ কণ্ঠে বলেন, ‘কারণ একটাই, হরতাল। কোনো বাস আজ ছাড়ছে না। তাই বাধ্য হয়ে কাল রাতে এসেছি। এখন এখানে বসে আল্লাহ আল্লাহ করা ছাড়া উপায় দেখি না।’
বিভিন্ন সূত্রে জানা গেছে, গতকাল সারা দিন হজযাত্রী বহনকারী আটটি বিমানের শিডিউল ছিল। আজ বৃহস্পতিবার পাঁচটি বিমান যাওয়ার কথা। কিন্তু জামায়াতে ইসলামীর ৪৮ ঘণ্টা হরতালের কারণে বর্ণনাতীত দুর্ভোগে পড়েছেন হজযাত্রীরা। বিশেষ করে ঢাকার বাইরের যাত্রীদের অনেকেই হরতালের কারণে আগের দিন মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে এসেছেন। কাছাকাছি কোথাও অবস্থানের সুব্যবস্থা না থাকায় বিমানবন্দরের বারান্দায় বসে, হেঁটে সময় কাটিয়েছেন।
নারায়ণগঞ্জের পাগলা থেকে নুরুল ইসলাম ও রিনা ইসলাম এসেছেন দুপুরে। তবে এর জন্য পরিচিত এক চিকিৎসকের সহায়তায় তিন হাজার ৪০০ টাকা দিয়ে বিমানবন্দরে আসার জন্য একটি অ্যাম্বুলেন্স ঠিক করতে হয়েছে। শনির আখড়ার রাস্তায় পিকেটাররা ইট ছুড়েছিল তাঁদের অ্যাম্বুলেন্সের পাশে থাকা চলন্ত একটি বাসে। নুরুল ইসলাম বলেন, ‘ভাই, অ্যাম্বুলেন্স না হলে তো আমাদের গাড়িতে ইট মারত। তাইলে তো আজকে আমরা শ্যাষ!’
বিমানবন্দরের ট্রলিতে বসে কলা-রুটি খাচ্ছিলেন নাটোর থেকে আসা একটি পরিবারের সদস্য। তাঁদের মধ্যে একজন মামুন জানালেন, তাঁর বাবা-মা হজে যাচ্ছেন। বিকেলে ফ্লাইট। গতকাল ভোরেই বিমানবন্দরে পৌঁছে গেছেন। একে তো প্রচণ্ড গরম, তার ওপর বিমানবন্দরের লাউঞ্জে খাবারের ভালো ব্যবস্থা নেই। অপেক্ষা করতে করতে মা-বাবা দুজনই অসুস্থ হয়ে পড়েছেন।
বিমানবন্দরের অনতিদূরে আশকোনার হজক্যাম্পেও দেখা গেল শত শত যাত্রীর উপস্থিতি। অপেক্ষারতদের অনেকেই নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগে সেখানে এসেছেন। অপেক্ষারত যাত্রীরা জানান, হজের এই সময়টাকে হরতাল বা রাজনৈতিক হানাহানির বাইরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।