নিজের পছন্দের বিমান সংস্থায় করে হজযাত্রীরা সৌদি আরবে যেতে পারবেন বলে হাইকোর্ট আদেশ দিয়েছেন। এ-সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন। পাশাপাশি রুল জারি করেন। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের গত ২৪ এপ্রিলের এক সভায় সিদ্ধান্ত হয় যে ৫০ শতাংশ হজযাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ৫০ শতাংশ সৌদি এরাবিয়ান এয়ারলাইনস পরিবহন করবে। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শেখ আবদুল্লাহ, আল মাহমুদ ট্রাভেলসের স্বত্বাধিকারী আবদুল কবীর খান ও হজে গমনেচ্ছুক রেজাউল ইসলাম গত সপ্তাহে রিট আবেদনটি করেন। গতকাল আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব শফিক ও কে এম হাফিজুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। রুলে ২৪ এপ্রিলের ওই সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও বিমান মন্ত্রণালয়ের সচিবসহ তিন বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।