পবিত্র হজ পালনে ইচ্ছুক যাত্রীদের শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনসের মাধ্যমে পরিবহনে মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।
সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন, এ রায়ের ফলে হজযাত্রীরা এখন তাঁদের পছন্দসই যেকোনো বিমানে করে পবিত্র হজ পালনে যেতে পারবেন।
গত বছরের ২৪ এপ্রিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হজযাত্রী পরিবহন-সংক্রান্ত এক সভায় হজযাত্রীদের ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড এবং অবশিষ্ট ৫০ শতাংশ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস পরিবহন করবে বলে সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত প্রতিযোগিতা আইন, ২০১২-এর পরিপন্থী দাবি করে জুলাইয়ে রিট করেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শেখ আবদুল্লাহ, আল মাহমুদ ট্রাভেলসের প্রোপ্রাইটার আবদুল কবীরসহ তিনজন। শুনানি নিয়ে ২৯ জুলাই আদালত রুল এবং নিজেদের পছন্দের এয়ারলাইনসে করে হজ পালনে ইচ্ছুক ব্যক্তিরা সৌদি আরবে যেতে পারবেন বলে অনুমতি দেন। অন্তর্বর্তীকালীন এই আদেশ আপিল বিভাগে স্থগিত হয়। রুলের ওপর শুনানি নিয়ে গতকাল আদালত রায় দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব শফিক ও কে এম হাফিজুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। হাফিজুল আলম প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের ২৪ এপ্রিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেনআদালত। ফলে হজযাত্রীরা এখন তাঁদের পছন্দসই যেকোনো বিমানে করে হজে যেতে পারবেন।