হজরত মুহাম্মদ (সা.) এর পবিত্র দাড়ি মোবারক প্রদর্শনী
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র দাড়ি মোবারক গতকাল শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রদর্শন করা হয়। তুরস্ক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ইস্তাম্বুলের তোপকাপি জাদুঘর থেকে পবিত্র দাড়ি মোবারক আনা হয়। বাংলাদেশে প্রথমবারের মতো দাড়ি মোবারক প্রদর্শনী দেখে মুসল্লিরা মহানবী (সা.)-এর মোহাব্বতে আবেগাপ্লুত হন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে একই স্থানে চলছে মহানবী (সা.)-এর জীবনীভিত্তিক পোস্টার ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী। ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনীর শেষ দিন আজ শনিবার।প্রদর্শনীতে রাসুল পাক (সা.)-এর পবিত্র চুল, জুতা, চপ্পল, দন্ত মোবারক সংরক্ষণের পাত্র ও সিন্দুক, অজুর জন্য ব্যবহূত পানির বোতল, কবরের আচ্ছাদন ইত্যাদির আলোকচিত্র স্থান পায়। এ ছাড়া হজরত ফাতিমা (রা.) ও হজরত হুসাইন (রা.)-এর পোশাক, ইউসুফ (আ.)-এর পাগড়ি, হজরত উসমান (রা.) ও খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর তরবারি এবং কাবাঘরের তালা-চাবির আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। তথ্য বিবরণী।