হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীরা গতকাল সোমবার রাতে সৌদি রাজকীয় আনুষ্ঠানিকতার মধ্যে পবিত্র মদিনা নগরের মসজিদে নববিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীরা গতকাল সোমবার রাতে সৌদি রাজকীয় আনুষ্ঠানিকতার মধ্যে পবিত্র মদিনা নগরের মসজিদে নববিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রাতে সৌদি রাজকীয় আনুষ্ঠানিকতার মধ্যে পবিত্র মদিনা নগরের মসজিদে নববিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন। তিনি মসজিদে নববিতে এশার নামাজ এবং তারাবির নামাজ আদায় করেন। দেশের জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, প্রগতি ও উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীসহ অন্য সফরসঙ্গীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।
প্রধানমন্ত্রীর আজ সকাল সাড়ে ১০টায় (মদিনার স্থানীয় সময়) ঢাকার উদ্দেশে মদিনার প্রিন্স মোহাম্মাদ বিন আবদুল আজিজ বিমানবন্দর ত্যাগের কথা রয়েছে।
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গত শুক্রবার পাঁচ দিনের সরকারি সফরে সৌদি আরবে যান।