হজে গিয়ে একই পরিবারের তিনজন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একই পরিবারের তিন সদস্যের খোঁজ এখনো মেলেনি। ২৪ সেপ্টেম্বর মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করতে গিয়ে হাজিদের পদদলিত হওয়ার ঘটনার দিন থেকে তাঁরা নিখোঁজ আছেন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকার বাসিন্দা মহিব উদ্দিন আহমদ (৭০), তাঁর স্ত্রী রাবিয়া বেগম (৬৫) ও ছেলে জালাল উদ্দিন আহমদ (৩৮)। জালাল ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন শয়তানকে পাথর মারতে মহিব, রাবিয়া, জালাল, মহিবের এক বোন ও জালালের এক বন্ধু মিনার উদ্দেশে রওনা দেন। ওই দিন সেখানে পদদলিত হয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের হাজিরা মারা যান ও আহত হন। এ সময় মহিব, রাবিয়া, জালাল ও মহিবের বোন আঙ্গুর বেগম নিখোঁজ হন। তবে জালালের বন্ধু অক্ষত থাকেন। পরে জালালের ওই বন্ধু স্থানীয় একটি হাসপাতালে খোঁজ করে আঙ্গুর বেগমের সন্ধান পান। কিন্তু অন্য তিনজনের কোনো খোঁজ পাননি। সুস্থ হয়ে আঙ্গুর বেগম গত বৃহস্পতিবার দেশে ফেরেন।
ঢাকায় অবস্থানরত জালালের চাচাতো ভাই আবদুল মতিন গতকাল শনিবার দুপুরে মুঠোফোনে বলেন, মিনায় পদপিষ্ট হয়ে নিহত বাংলাদেশিদের তালিকায় তাঁদের কারও নাম পাওয়া যায়নি। সেখানকার হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিদের তালিকায়ও তাঁদের নাম নেই। তাঁদের সন্ধানে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।