হজে পাঠানোর নাম করে টাকা আত্মসাৎ
ওমরাহ হজে পাঠানোর নামে বগুড়ার শেরপুরে ১০ জনের কাছ থেকে প্রায় সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আফজাল হোসেন নামের ওই ব্যক্তি স্থানীয় একটি মাদ্রাসার সহকারী সুপার।
গত শনিবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তাঁরা বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ধুন্দার, কদমপুরী ও শেরপুর পৌর শহরের টাউন কলোনি এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নন্দীগ্রাম উপজেলার ধুন্দার গ্রামের কোরবান আলী বলেন, আফজাল হোসেন একজন মাওলানা হওয়ায় তাঁর কথা সবাই বিশ্বাস করতেন। গত বছর তিনি উপজেলার নয়জনকে ওমরাহ হজ পালনে অনুপ্রাণিত করেন। তাঁরা সবাই পাসপোর্টসহ হজ পালনের খরচ বাবদ তিন ধাপে চার লাখ ১৫ হাজার টাকা দেন। এর আগে ২০১২ সালে শেরপুর পৌর শহরের টাউন কলোনির আবদুর রহিম তাঁকে দুই লাখ ৭০ হাজার টাকা দিয়েছেন। কিন্তু তাঁদের যথাসময়ে হজে পাঠানো হয়নি।
গতকাল সোমবার কথা বলার জন্য আফজাল হোসেনের বাড়িতে গেলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।