হজে পাঠানোর নামে নেওয়া অর্থ লোপাট
কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুর রহিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে হজে পাঠানোর নামে নেওয়া অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। কয়েকজন ভুক্তভোগী তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। এ অবস্থায় ভুক্তভোগীরা হজ পালন করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আবদুর রহিম উপজেলার শুভপুর ইউনিয়নের জুপুয়া গ্রামের বাসিন্দা।
মামলা ও ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা গেছে, আবদুর রহিম ঢাকার পুরানা পল্টনের ‘মেসার্স মাসুদ ট্রাভেলস অ্যান্ড টুরস’-এর পরিচয়ে চৌদ্দগ্রামসহ বিভিন্ন এলাকার মানুষকে হজে নেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে টাকা সংগ্রহ করে আসছেন। ২০১২ সালে বেশ কয়েকজনের কাছ থেকে হজের জন্য টাকা তোলার পর অফিসে জমা না দেওয়ায় ২০ জন হজে যেতে পারেননি। চলতি বছর হজে পাঠানোর কথা বলে টাকা আদায় করা হলেও হজে যাওয়ার তালিকায় তাঁদের নাম নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতারণার কারণে মেসার্স মাসুদ ট্রাভেলস অ্যান্ড টুরস কর্তৃপক্ষ তাঁকে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম থেকে গত বছর বহিষ্কার করে। বর্তমানে তিনি পুরানা পল্টনের প্যান ব্রাইট ট্রাভেলস নামের আরেকটি প্রতিষ্ঠানের মাধ্যমে হজে লোক পাঠানোর নামে প্রতারণা করে যাচ্ছেন। আগেও তিনি আরও কয়েকটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে হজে পাঠানোর নামে অনিয়ম-দুর্নীতির কারণে বেশ কয়েকবার লাঞ্ছিত হয়েছেন।
চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের মমিন মিয়া ও খিরণশালের লোকমান হোসেন অভিযোগ করেন, গত বছর হজে নেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেন রহিম। গত বছর তাঁদের ভিসার ফটোকপি, বোর্ডিং পাস দিয়ে এহরামের কাপড় পরিয়ে ঢাকায় নেওয়া হয়। কিন্তু ওই অফিসে গিয়ে জানা যায়, রহিম কোনো টাকা জমা দেননি। চলতি বছর হজে পাঠানো হবে বলে জানালেও তালিকায় নাম না আসায় রহিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তাঁরা কুমিল্লা আদালতে মামলা করেন।
ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ইব্রাহিম বলেন, ‘গত বছর রহিমকে দুই লাখ ৭০ হাজার টাকা দিই। খোঁজ নিয়ে জেনেছি, তিনি অফিসে টাকা জমা দেননি। এবারও তালিকা নাম না দেখে আদালতে আশ্রয় নিয়েছি।’
অভিযুক্ত আবদুর রহিম বলেন, বিভিন্ন সমস্যার কারণে তাঁদের হজের ভিসা হয়নি। এখনো অনেকের ভিসা হবে। পাওনাদারদের মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন বলে জানান। তবে অফিসে টাকা জমা না দেওয়ার ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।