হজে যাওয়ার আগেই মার্স ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নিতে সৌদির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজে যাওয়ার আগে মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম) ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নিতে বাংলাদেশকে চিঠি পাঠিয়েছে সৌদি সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।


আজ সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান সাংবাদিকদের জানান, গতকাল সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে মার্স প্রতিরোধে বাংলাদেশকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, সৌদিতে এখন পর্যন্ত ৩৪৫ জন মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুই বাংলাদেশিসহ ১১১ জন মারা গেছেন। তাই বাংলাদেশ থেকে হাজিদের সৌদি পাঠানোর আগে মার্স ভাইরাসজনিত প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়লে তাঁদের মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়। তাই বৃদ্ধ ও শিশুদের বিষয়ে বেশি সতর্ক থাকতে হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চিঠি পাওয়ার পর এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আজই চিঠি দেওয়া হয়েছে।
বাংলাদেশে সম্প্রতি মার্স ভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ বাংলাদেশে মার্স রোগের বিস্তার ঘটেনি। মাত্র একজন রোগী শনাক্ত হয়েছে। আর এ ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আগামী অক্টোবরে পবিত্র হজ পালিত হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৯৯ হাজার মানুষ হজে যাবেন।