হজে যাওয়ার ব্যবস্থা করার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের সামনের রাস্তায় গতকাল হজযাত্রা থেকে বঞ্চিত ব্যক্তি ও কয়েকটি ট্রাভেল এজেন্সির সদস্যরা বিক্ষোভ করেন l ছবি: প্রথম আলো
রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের সামনের রাস্তায় গতকাল হজযাত্রা থেকে বঞ্চিত ব্যক্তি ও কয়েকটি ট্রাভেল এজেন্সির সদস্যরা বিক্ষোভ করেন l ছবি: প্রথম আলো

রাজধানীর উত্তরায় আশকোনার হজ ক্যাম্পের সামনের সড়কে গতকাল শুক্রবার বিক্ষোভ সমাবেশ করেছেন হজে যাওয়া থেকে বঞ্চিত ব্যক্তি ও কয়েকটি ট্রাভেল এজেন্সির মালিকেরা। জুমার নামাজের পর বেলা দুইটার দিকে বঞ্চিত বৈধ হজযাত্রীগণের ব্যানারে মিছিলটি হজ ক্যাম্পের ভেতর থেকে বের করা হয়। প্রায় ১৫০ জনের এই সমাবেশে বেশির ভাগই ছিলেন ট্রাভেল এজেন্সির মালিক।
সমাবেশে বলাকা ট্রাভেল এজেন্সির কর্ণধার আবদুল কবির খান বলেন, হজে যেতে ইচ্ছুক প্রায় ১০ হাজার ব্যক্তি বৈধভাবে টাকা দিয়েও যেতে পারছেন না। এ জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়ী করেন তিনি।
তবে হজ ক্যাম্পের তথ্য অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন ব্যক্তি হজে যেতে পারবেন। এর মধ্যে ১ লাখ ৫২৯ হজযাত্রীর ভিসা পাওয়া গেছে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৬৪ হাজার ১৫৬ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।
সমাবেশে প্যানব্রাইট ট্রাভেল এজেন্সির মালিক রুহুল আমিন বলেন, সৌদি আরবে ওমরাহ ভিসা বন্ধ রয়েছে। মানব পাচারকারীদের সুযোগ দিতেই এ ধরনের কাজ করা হয়েছে। হজ মৌসুমে এভাবে লোক পাঠানো হলে সৌদি আরবে হজের ভিসাও বন্ধ হয়ে যাবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশ চলাকালে মো. মনজিল মিয়া নামের বঞ্চিত এক হজযাত্রী বলেন, ‘আমার পরিবারের পাঁচজন হজের জন্য জানুয়ারি মাসে প্রাথমিক ফি হিসেবে আড়াই লাখ টাকা দিয়েছিলাম। এখনো জানি না আমরা হজে যেতে পারব কি না।’
হজ এজেন্সির নাম প্রকাশে অনিচ্ছুক এক মালিক বলেন, ১ মার্চ পর্যন্ত ডেটা এন্ট্রির সময় নির্ধারণ করা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে ১৯ ফেব্রুয়ারি তা বন্ধ করে দেওয়া হয়। ফলে প্রায় ১০ হাজার মানুষের এবার হজে যাওয়া হচ্ছে না। অন্তত ছয় হাজার ভিসা পাওয়া গেলে সমস্যা দূর হবে।