হজে যাওয়া হলো না গৃহবধূ হাসিনার
হজে যাওয়া হলো না গৃহবধূ হাসিনা বেগমের (৪৫)। গতকাল শনিবার সকালে হজে যাওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে রাজধানীর মাতুয়াইলে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। এ ছাড়া গতকাল রাজধানীতে সড়ক দুর্ঘটনায় চান মিয়া (২৫) নামে একজন নির্মাণশ্রমিক মারা গেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনের সড়কে দ্রুতগতির একটি পিকআপ হাসিনা বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান। গুরুতর আহত অবস্থায় নয়টার দিকে হাসিনা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান জানান, পথচারীদের ধাওয়ার মুখে পিকআপটির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপটি আটক করে থানায় নিয়ে আসে।এর আগে গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উত্তরার ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের পাশে দোকানে বসে চা পান করছিলেন নির্মাণশ্রমিক চান মিয়া (২৫)। এ সময় একটি ট্রাক ফুটপাতে উঠে গেলে চান মিয়া ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।