হজে যাওয়ার প্রথম ধাপ 'প্রাক্-নিবন্ধন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার যাঁরা হজে যেতে চান, তাঁদের এখনই প্রস্তুতি শুরু করা দরকার। বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া যায়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. অাব্দুল জলিল জানিয়েছেন, হজে যাওয়ার প্রথম ধাপে প্রাক্-নিবন্ধন করতে হবে। প্রাক্-নিবন্ধন ছাড়া হজে যাওয়া যাবে না। সৌদি ই-হজ সিস্টেমের সঙ্গে সমন্বয়ের জন্য প্রাক্-নিবন্ধন চালু করা হয়েছে। নিজে অথবা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সির মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিয়ে প্রাক্-নিবন্ধন সনদ গ্রহণ করতে হবে। তিনি আরও জানান, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বরসহ (যেখানে এসএমএস পাবেন) সরকারি ব্যবস্থাপনার জন্য নিকটস্থ ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে, জেলা প্রশাসকের কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, পরিচালক হজ কার্যালয় এবং বেসরকারি ব্যবস্থাপনার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সির মাধ্যমে প্রাক্-নিবন্ধন করা যাবে। ১৮ বছরের নিচে যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা অভিভাবকের সঙ্গে জন্মনিবন্ধন সনদ দিয়ে বাবা-মায়ের সঙ্গে নিবন্ধন করতে পারবে। এই তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ও পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হবে।
প্রাক্-নিবন্ধন
আপনার প্রাক্-নিবন্ধিত ক্রমিক নম্বর সরকার-নির্ধারিত কোটার মধ্যে থাকলে ২০১৭ সালে হজে যাওয়ার জন্য মনোনীত হবেন।
মাধ্যম
আপনি সরকারি ব্যবস্থাপনায় নাকি বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন, এটা ঠিক করতে হবে।
ধাপে ধাপে প্রাক্-নিবন্ধন
* প্রাক্-নিবন্ধনের জন্য নির্ধারিত কেন্দ্রে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে। ফরমে জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখলে জাতীয় পরিচয়পত্র তথ্যভান্ডার থেকে (নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা, নারী/পুরুষ, বৈবাহিক অবস্থা) তথ্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে গ্রহণ করবে। সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বর্তমান ঠিকানা, মোবাইল নম্বরসহ প্রাক্-নিবন্ধন করা হবে।
* ট্র্যাকিং নম্বরসংবলিত প্রিন্ট করা কাগজসহ সরকার নির্ধারিত ব্যাংকে (সরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার টাকা, বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৭৫২ টাকা) জমা দিতে হবে। তালিকা প্রকাশিত হওয়ার পর হজ প্যাকেজের বাকি টাকা জমা দেবেন।
* টাকা পরিশোধের পর দ্রুততম সময়ের মধ্যে ব্যাংক থেকে হজের প্রাক্-নিবন্ধন সনদ দেওয়া হবে। প্রাক্-নিবন্ধন সনদে জাতীয় পরিচয়পত্র তথ্য, প্রাক্-নিবন্ধন নম্বর, ব্যাংকে টাকা জমা দেওয়া বিবরণ থাকবে। একই সঙ্গে হজযাত্রীর মোবাইলে এসএমএস পাঠিয়ে প্রাক্-নিবন্ধন নিশ্চিত করা হবে।
* নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে নতুন করে আবার প্রাক্-নিবন্ধন্ করতে হবে।
* চলতি বছর হজে যাওয়ার জন্য নির্বাচিত হলে আপনার মোবাইলে একটি এসএমএস যাবে।
* প্রাক্-নিবন্ধনের পর নির্ধারিত সময়ের মধ্যে হজ কার্যালয়/ সংশ্লিষ্ট এজেন্সি হজযাত্রীদের আবেদন অনলাইনে গ্রহণ করে পছন্দনীয় হজ প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ সাপেক্ষে হজযাত্রী হিসেবে নিশ্চিত করলে পিলগ্রিম আইডি তৈরি হবে। পিলগ্রিম আইডি না পেলে হজে যাওয়া যাবে না। হজ নিবন্ধন নম্বর কোেনাভাবেই হস্তান্তরযোগ্য নয়।
* নিবন্ধনের জন্য এমআর পাসপোর্ট দরকার হবে।
* জেনে রাখুন, কোটা পূরণ হলে প্রাক্-নিবন্ধনকারীরা অপেক্ষমাণ তালিকায় থাকবেন। যেমন গত বছরের প্রায় ৪০ হাজার অপেক্ষমাণ হজযাত্রী এবার হজে যাবেন।
প্রাক্-নিবন্ধন বাতিল করতে চাইলে
প্রাক্-নিবন্ধনের জন্য অগ্রিম টাকা প্রদান করে যদি কেউ হজে না যান, তাহলে প্রসেস ফি ৩ হাজার টাকা বাদ দিয়ে বাকি টাকা ফেরত পাওয়া যাবে। টাকা জমা দেওয়া ব্যাংকের মাধ্যমে অনলাইনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করতে হবে।
প্রাক্-নিবন্ধন এজেন্সি স্থানান্তর পদ্ধতি
এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। এজেন্সি সম্মতি থাকলে স্থানান্তর করা হবে।
যোগাযোগ
হজ তথ্যসেবাকেন্দ্র ০৯৬০২৬৬৬৭০৭
ওয়েবসাইট: www.hajj.gov.bd 

১০টি পরামর্শ
এজেন্সি অথবা কতর্পক্ষকে প্রশ্ন করে নিচের তথ্যগুলো জেনে নিন। আপনার প্রাপ্যতা সম্পের্ক নিশ্চিত হোন
১. সব ধরনের খরচ সম্পর্কে ধারণা রাখা: টাকা কম-বেশির ভিত্তিতে নয়, প্যাকেজের সুবিধাদি দেখে, শুনে, বুঝে চুক্তি করবেন। নিবন্ধন পর্যায়ে
(অর্থাৎ এ বছর হজের যাওয়ার জন্য মনোনীত হলে) প্যাকেজের বাকি টাকা পরিশোধ করতে হবে। বিমানভাড়া, বাসাভাড়া, মোয়াল্লেম ফি দিয়ে যা পাবেন, মোয়াল্লেম ফির বাইরে ও অতিরিক্ত ফি মিনার তাঁবুর অবস্থান, বালিশ, কম্বল ইত্যাদির জন্য। হজের সময় মিনায় তাঁবুতে বা আজিজিয়ায় থাকা কিংবা না–থাকা ইত্যাদি আগে থেকে জেনে নিতে হবে।
২. হজ প্যাকেজ: হজ প্যাকেজ কত দিন, সৌদি আরবে অবস্থানের মেয়াদ কত দিন, কোথায় কত দিন অবস্থান এবং তা কীভাবে, বিস্তারিত জানতে হবে। গত কয়েক বছর কত নম্বর মোয়াল্লেমের অধীনে ওই এজেন্সি হজ পালন করছে তা জানতে হবে। দক্ষিণ এশিয়ার দেশের হাজিদের জন্য ১ থেকে ১১৫টি মোয়াল্লেম আছেন। মোয়াল্লেমের নম্বর অনুযায়ী মিনার তাঁবুর অবস্থান হয়। মোয়াল্লেম ক্লাস্টার: ১ থেকে ৯ মোয়াল্লেম নম্বর পর্যন্ত হাজিপ্রতি খরচ ২ হাজার ৬০০ সৌদি রিয়াল (১ রিয়াল = ২১ টাকা)। ১০ থেকে মোয়াল্লেম নম্বর ২২ পর্যন্ত হাজিপ্রতি খরচ ১ হাজার ৬০০ সৌদি রিয়াল। ২৩ থেকে ৫৯ মোয়াল্লেম নম্বর পর্যন্ত হাজিপ্রতি খরচ ৮৫০ সৌদি রিয়াল। ৬০ থেকে ১১৫ মোয়াল্লেম নম্বর পর্যন্ত হাজিপ্রতি খরচ ৫০০ সৌদি রিয়াল দিতে হয়। মোয়াল্লেম ক্লাস্টারের দাম অনুযায়ী জামারা (শয়তানকে পাথর মারার স্থান) থেকে মিনার তাঁবুর দূরত্ব নির্ভর করে।
৩. মক্কা-মদিনায় বাসার অবস্থান: মক্কায় বাসার ধরন এবং তা কাবা শরিফ থেকে কত দূর, বাসায় লিফট আছে কি না, বাসার প্রতি কক্ষে কতজন এবং বাথরুম কতজনের সঙ্গে শেয়ার করতে হবে জেনে নেবেন। একই কথা মদিনার বাসার জন্য প্রযোজ্য।
৪. খাবার: সৌদি আরবে পৌঁছে তিন বেলা খাবার দেওয়া হবে কি না বা বিকল্প ব্যবস্থা কী, তা জানতে হবে।
৫. কোরবানি: প্রতারণা এড়াতে ইসলামি উন্নয়ন ব্যাংক বা আইডিবির ৪৬০ সৌদি রিয়াল দিয়ে কুপন কিনে দেওয়া ভালো। আইডিবির কুপন কেনা শরিয়তসম্মত ও সৌদি সরকারের স্বীকৃত ব্যবস্থা। এর বাইরে নিজে বা অথবা এজেন্সির লোক ছাগল কিনে কোরবানি দেবেন, অথবা কোরবানি সম্পর্কে হাজি কীভাবে নিশ্চিত হবেন, তা-ও আগে থেকে জেনে নিতে হবে।
৬. মানসিক ও শারীরিক সক্ষমতা: হজের সফরে প্রচুর হাঁটাচলা করতে হয়। চাইলে যখন-তখন যানবাহন পাওয়া যায় না। এটাও মাথায় রাখা। ওমরায় তাওয়াফ, সাঈ, মিনা, জামারাতের পাথর মারা, মিনা থেকে মক্কায় গিয়ে হজের তাওয়াফ, সাঈ করতে প্রচুর হাঁটাচলা করতে হয়। এসবের জন্য মানসিক, শারীরিক সক্ষমতা জরুরি।
৭. ফিতরা: ফিতরা বা স্থানান্তর (অর্থাৎ মক্কার বাসা কাবা শরিফের কাছে-দূরে একাধিকবার বদল করাকে ফিতরা বলে) আছে কি না। আওয়াল ফিতরা অর্থাৎ হজের আগে ফিতরা, না আখের ফিতরা অর্থাৎ হজের পরে ফিতরা হবে, তা জানতে হবে।
৮. হজের দিনগুলো: মিনা, আরাফাতে খাবার, যাতায়াত, মক্কায় তাওয়াফ, সাঈ করতে যাওয়ার বিষয়ে কী ব্যবস্থা এবং মোয়াল্লেম কী কী সুবিধা দেবেন, তা-ও বিস্তারিত জেনে নেবেন। আপনার সঙ্গী যদি অসুস্থ বা দুর্বল হন, তাহলে বিকল্প ব্যবস্থাও জেনে নিতে হবে।
৯. হজের নিয়মকানুন জানা: প্রয়োজনীয় বই-পুস্তক, হজ গাইড সংগ্রহ করে পড়ুন। (www.prothom-alo.com/hajj) ওয়েবসাইটে হজের খবর সারা বছর পাওয়া যায়। কয়েক বছর ধরে প্রথম আলো হজযাত্রীদের সহায়ক হজ গাইড প্রকাশ করে বিনা মূল্যে তা বিতরণ করে। এটি প্রথম আলোর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের কার্যালয় থেকে সংগ্রহ করতে পারেন।
১০. মোয়াল্লেম ফি দিয়ে যা যা পাবেন: মোয়াল্লেম ফি ১ হাজার ৮৯ সৌদি রিয়াল। এর মধে্য বাসভাড়া ৪৯৫ সৌদি রিয়াল। মিনার তাঁবু, ইউনাইটেড এজেন্ট, মোয়াচ্ছাসা, আদিল্লা ফি ৫৯৪ সৌদি রিয়াল। জেদ্দা থেকে মক্কা বাসভাড়া ৩০ সৌদি রিয়াল ৫০ জনের জন্য একটি বাস। অর্থাৎ ৫০ জন পূরণ না হলে জেদ্দা থেকে বাস ছাড়তে দেরি হয়। মক্কা থেকে মদিনা বাসভাড়া ১২০ সৌদি রিয়াল, মদিনা থেকে মক্কা বাসভাড়া ১২০ সৌদি রিয়াল, মক্কা থেকে মিনা আরাফাত ১৮০ সৌদি রিয়াল, ১০০ জনের জন্য একটি বাস বা দুই ট্রিপ। অর্থাৎ এ জন্য মিনা-আরাফাতে হজযাত্রীদের দাঁড়িয়ে যেতে হয়। মক্কা থেকে জেদ্দা বাসভাড়া ৩০ সৌদি রিয়াল, মদিনা থেকে জেদ্দা বাসভাড়া ৯৭ সৌদি রিয়াল। মিনার খাবার, কম্বল, বালিশের জন্য মোয়াল্লেমকে অতিরিক্ত খরচ দিতে হয়।

আরও পড়ুন: