হজের টিকিটের দাম কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজের টিকিট কেনার ক্ষেত্রে প্রতি ডলারের বিপরীতে তিন টাকা করে কম রাখার দাবি জানিয়েছে হজ এজেন্সিগুলো। 

আজ বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ দাবি জানানো হয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার এ চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ২০১৩ সালের হজ মৌসুমে সরকার ঘোষিত হজ প্যাকেজে হজযাত্রীদের বিমানের টিকিটে মার্কিন ডলারের বিনিময় মূল্য ৮০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে বাংলাদেশি টাকার মূল্যমান বেড়ে যাওয়ায় প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ৭৮ টাকা ৫০ পয়সায় স্থিতিশীল রয়েছে।

চিঠিতে আরো বলা হয়, খুব শিগগির ২০১৩ সালের হজ ফ্লাইট সিডিউল ঘোষণা করা হবে এবং হজ এজেন্টরা তাঁদের হজযাত্রীদের টিকিট কেনার পদক্ষেপ নেবেন।

চিঠিতে বলা হয়, ২০১৩ হজ মৌসুমে যে সব হজ এজেন্সি মোয়াল্লেম ফি জমা দিয়েছে, তাদের হজ টিকিট কেনার সময় যেন টিকিটের দাম ৭৮ টাকা ৫০ পয়সা রাখা হয় এবং অতিরিক্ত ধার্য করা তিন টাকা পরিশোধ করতে না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য মন্ত্রীকে অনুরোধ জানানো হয়।