হজের নিবন্ধন করা যাবে ৭ জুন পর্যন্ত
বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে ইচ্ছুক ব্যক্তিরা ৭ জুন পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল জলিল প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। আজ সোমবার হজের নিবন্ধন শেষ সময় ছিল।
হজ প্যাকেজের টাকা ও পাসপোর্টের ফটোকপি এবং পাসপোর্ট আকারের ছবি নিবন্ধনের সময় জমা দিতে হবে। ব্যাংক থেকে নিবন্ধন সনদ অবশ্যই সংগ্রহ করে (প্রাক-নিবন্ধনের মতো) সংরক্ষণ করতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় সব প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্যাকেজের অবশিষ্ট টাকা জমা করে নিবন্ধন করতে পারবেন। বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত প্রথম ৮৮,১৯৭ জন হজযাত্রী (প্রাক-নিবন্ধন ক্রমিক নম্বর ১ থেকে ৮৮,২৩৬ পর্যন্ত) নিবন্ধন করতে পারবেন।
সরকারি ব্যবস্থাপনার জন্য হজ প্যাকেজের টাকা (একটি প্যাকেজে ২ লাখ ৭৬ হাজার ৯০৩ টাকা; অন্য প্যাকেজে ৩ লাখ ৩২ হাজার ২৯ টাকা) সোনালী ব্যাংকে জমা দিতে হবে।
বেসরকারি ব্যবস্থাপনার জন্য হজ প্যাকেজের সম্পূর্ণ টাকা নিজ নিজ এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধনের মতো অনুমোদিত ২৩টি ব্যাংকে জমা দিতে হবে। টাকার জমা হওয়ার পর পিলগ্রিম আইডি তৈরি হবে। পিলগ্রিম আইডি না পেলে হজে যাওয়া যাবে না। পছন্দের হজ প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ সাপেক্ষে হজযাত্রী হিসেবে নিশ্চিত করলে এজেন্সি সৌদি নিয়ম অনুসরণ করে হজযাত্রীর জন্য তাসরিয়া-যুক্ত বাড়ি, খাবার, কোরবানি ও ভিসার ব্যবস্থা করে হজযাত্রার তারিখ জানাবে হজযাত্রীকে। এর মধ্যে প্রয়োজনীয় টিকা দিয়ে স্বাস্থ্যসনদ সংগ্রহ ও হজে যাওয়ার প্রস্তুতিসহ প্রয়োজনীয় মালপত্র সংগ্রহ করতে হবে।
হজের ওয়েবসাইটে হজযাত্রীদের জন্য যে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে, তা হলো—
নিবন্ধনের টাকা পরিশোধের পর কোনো তথ্য সংশোধনের সুযোগ নেই। তাই ডেটা এন্ট্রির সময় সতর্কতার সঙ্গে তথ্য প্রদান করবেন। নতুন করে জাতীয় পরিচয়পত্র এন্ট্রি করার সুযোগ নেই।
হজ পালনের মাসের পরবর্তী ছয় মাস মেয়াদের কারণে পাসপোর্টের মেয়াদ অবশ্যই ৩০ মার্চ, ২০১৭ পর্যন্ত থাকতে হবে। একসঙ্গে (মাহরামসহ) হজে গমন-ইচ্ছুক ব্যক্তিদের একই ফরমে ইউনিট হিসাবে নিবন্ধন করবেন।
একই ফরমে ইউনিট হিসাবে বিবেচনায় নিয়ে আবাসন, ফ্লাইটসহ সৌদি আরবের যাবতীয় কার্য ও যাত্রার ব্যবস্থা করা হবে। ব্যাংকে টাকা পরিশোধ, মন্ত্রণালয়ের নির্দেশনা ভালোভাবে পড়ে ও বুঝে নিন—একবার ইউনিট নির্ধারণ করে টাকা পরিশোধ করা হলে পরিবর্তনের সুযোগ নেই।
কোন ব্যাংকে টাকা জমা দেবেন
নিম্নলিখিত ব্যাংকের মাধ্যমে টাকা সোনালী ব্যাংক লিমিটেডের নির্ধারিত হিসাব নম্বরে জমা দেওয়া যাবে: ১. এক্সিম ব্যাংক লিমিটেড ২. অগ্রণী ব্যাংক লিমিটেড ৩. আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ৪. বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড ৫. ব্যাংক এশিয়া লিমিটেড ৬. এবি ব্যাংক লিমিটেড ৭. ফার্মার্স ব্যাংক লিমিটেড ৮. আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড ৯. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১০. যমুনা ব্যাংক লিমিটেড ১১. জনতা ব্যাংক লিমিটেড ১২. মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ১৩. মধুমতি ব্যাংক লিমিটেড ১৪. ওয়ান ব্যাংক লিমিটেড ১৫. প্রাইম ব্যাংক লিমিটেড ১৬. পূবালী ব্যাংক লিমিটেড ১৭. রূপালী ব্যাংক লিমিটেড ১৮. শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ১৯. সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০. সাউথইস্ট ব্যাংক লিমিটেড ২১. স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ২২. দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ২৩. ট্রাস্ট ব্যাংক লিমিটেড।