হজের নিবন্ধন ফি জমা দেওয়ার সময় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন ফি নেওয়ার সময় পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীরা নির্ধারিত টাকা জমা দিয়ে নিবন্ধন করতে পারবেন। বাকি টাকা ১০ জুনের মধ্যে দিতে হবে।
গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান।
সচিব বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহী ব্যক্তিদের আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে ৫১ হাজার ৬৯০ টাকা জমা দিয়ে নিবন্ধন করতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ৩৩১ টাকা দিয়ে নিবন্ধন করতে হবে। উভয় ক্ষেত্রে বাকি টাকা ১০ জুনের মধ্যে দিতে হবে৷
সরকারি ব্যবস্থাপনায় ১ নম্বর প্যাকেজের যাত্রীরা শেষ কিস্তিতে দেবেন ৩ লাখ ৩ হাজার ৫৫ টাকা৷ ২ নম্বর প্যাকেজের হজযাত্রীরা দেবেন ২ লাখ ৪৪ হাজার ৫১৬ টাকা৷
সচিব জানান, হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হাজিদের সুবিধার্থে এই দাবি জানিয়েছিল। ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি ওই দাবি সমর্থন করার পর ধর্ম মন্ত্রণালয় প্রস্তাবটি মন্ত্রিসভায় উত্থাপন করে। মন্ত্রিসভার সদস্যরা প্রস্তাবটি অনুমোদন করেছেন।
গতকালের বৈঠকে যুব সংগঠন নিবন্ধন এবং পরিচালনা আইন, ২০১৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। নতুন আইনে স্বেচ্ছাসেবী যুব সংগঠনগুলোকে যুব অধিদপ্তরের নিবন্ধন নিতে হবে৷ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভিন্ন সংগঠন ও সমিতির মধ্যে যুব সংগঠন আছে ১৪ হাজার৷ আইনটি কার্যকর হওয়ার ছয় মাসের মধ্যে পুরোনো সংগঠনগুলো যুব অধিদপ্তর থেকে নতুন নিবন্ধন নয়, স্বীকৃতি নেবে। নিবন্ধন ছাড়া কেউ যুব সংগঠন পরিচালনা করলে তাকে অনধিক ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
সচিব জানান, এ ধরনের সংগঠন হবে অলাভজনক ও অরাজনৈতিক। নিবন্ধনের শর্ত লঙ্ঘন করলে যুব সংগঠন বন্ধ করা যাবে। আর তিন-চতুর্থাংশ সদস্য চাইলে এ ধরনের সংগঠন বিলুপ্ত করা যাবে।
গতকালের সভায় বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড গঠনের ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের যৌথ উদ্যোগে ও সমান অংশীদারিতে এই কোম্পানি গঠন করা হয়েছে। দুই কোম্পানি পটুয়াখালীতে ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে।
গতকালের বৈঠকে গত বছর মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে চতুর্থ ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর ২০১৪) প্রতিবেদন উপস্থাপন করা হয়৷ এতে বলা হয়, ওই সময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ৯৪টি, বাস্তবায়ন হয়েছে ৬৭টি, বাস্তবায়নের হার ৭১ শতাংশ। ওই বছরের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল ৫১ শতাংশ। সচিব জানান, সিদ্ধান্ত বাস্তবায়নের গতিতে সন্তোষ প্রকাশ করেছে মন্ত্রিসভা।
বৈঠকের শুরুতে মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও প্রখ্যাত সুরকার গোবিন্দ হালদারের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা।