হজের নিবন্ধনের সময় বাড়ল ২২ মে পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র মক্কার মসজিদুল হারাম (কাবা শরিফ)

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ মে পর্যন্ত নিবন্ধন করা যাবে। এর আগে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২২ সালের হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম ১৬ থেকে ১৮ মে পর্যন্ত চলবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় আজ বুধবার নিবন্ধনের সময় বাড়ানো–সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের জন্য সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনার হজের নিবন্ধন কার্যক্রম ২২ মে পর্যন্ত বাড়ানো হলো। ২১ মে পর্যন্ত হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা নিবন্ধনের অর্থ গ্রহণ করবে।

আরও পড়ুন

এ বিষয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘নিবন্ধনের সময় বাড়ানোর প্রয়োজন ছিল। অন্যান্য বছর হজের নিবন্ধন চলে দেড় মাসের বেশি সময় ধরে। এ বছর আমরা কম সময় পেয়েছি। হজ প্যাকেজ ঘোষণার পর দুই সপ্তাহের কম সময় পাওয়া গেছে। এত অল্প সময়ে হজের কার্যক্রম গুছিয়ে আনা কঠিন।’

এর আগে গত বুধবার সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। প্রথম প্যাকেজে খরচ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ এবং দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। এক দিন পর গত বৃহস্পতিবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এবার কোরবানির খরচ ছাড়া হজ প্যাকেজের খরচ পড়বে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।

আরও পড়ুন

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ পালিত হওয়ার কথা। এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মানুষ পবিত্র হজে যেতে পারবেন।

আরও পড়ুন