হজের পর ওমরাহ ভিসা চালুর আশ্বাস সৌদি সরকারের
আসন্ন হজ মৌসুম শেষে বাংলাদেশের নাগরিকদের ওমরাহ ভিসা দেওয়া শুরুর আশ্বাস দিয়েছে সৌদি আরব। গত সোমবার জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমকে এ আশ্বাস দেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজার বিন ওবায়েদ মাদানি।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিন দিনের সফরে গত রোববার সৌদি আরব গেছেন।
ওমরাহ ভিসার অপব্যবহারের অভিযোগে সৌদি আরব গত ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের লোকজনকে ওমরাহ ভিসা দেওয়া বন্ধ রেখেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের লোকজনের জন্য আকামা (কর্মস্থল পরিবর্তন) পুনরায় চালু করা ও পেশা পরিবর্তনের সুযোগ করে দেওয়ায় শাহরিয়ার আলম সৌদি সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশের হজযাত্রীদের জন্য ওমরাহ ভিসা দেওয়ার জন্য পদক্ষেপ নিতে তিনি সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন। এ সময় সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবারের হজ মৌসুম শেষে বাংলাদেশের লোকজনকে ওমরাহ ভিসা দেওয়া শুরু হবে। এ ছাড়া গৃহকর্মী হিসেবে বাংলাদেশের নারীদের সৌদি আরবে নিয়োগের প্রক্রিয়া এর মধ্যেই শুরু হয়েছে। অন্যান্য শিল্পে বাংলাদেশের শ্রমিক নিয়োগ ধাপে ধাপে শুরু হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। শাহরিয়ার আলম সম্পর্ককে এগিয়ে নিতে পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকের জন্য একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দেন। এ সময় সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজার বিন ওবায়েদ মাদানি বলেন, সৌদি সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক আয়োজনের জন্য সমঝোতা স্মারক সই করতে সৌদি আরব তৈরি আছে।