হট্টগোলে প্যানেল মেয়র নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় দুই কাউন্সিলরের সমর্থকদের (প্যানেল মেয়র প্রার্থী) হট্টগোলের কারণে প্যানেল মেয়র নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল রোববার সকালে সাতকানিয়া পৌরসভা কার্যালয়ে মেয়র ও কাউন্সিলরদের নির্ধারিত সভা শুরু হওয়ার আগে এ হট্টগোলের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টায় সভা শুরু হওয়ার আগে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মোর্শেদের সমর্থকেরা তাঁকে প্যানেল মেয়র করার দাবিতে স্লোগান দিয়ে পৌরসভা কার্যালয়ে প্রবেশ করে করেন। এ সময় আরেক প্যানেল মেয়র প্রার্থী ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলীর সমর্থকেরাও উপস্থিত ছিলেন। পরে মেয়রসহ দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হইচই ও হট্টগোলের একপর্যায়ে মেয়র মোহাম্মদ জোবায়ের প্যানেল মেয়র নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, প্যানেল মেয়র নির্বাচন নিয়ে দুই কাউন্সিলরের সমর্থকদের হট্টগোলের খবর শুনে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কাউন্সিলর মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, একজন কাউন্সিলর ও তাঁর লোকজন পৌরসভা কার্যালয়ে এসে ওই কাউন্সিলরকে প্যানেল মেয়র নির্বাচিত করার জন্য হট্টগোলের মাধ্যমে চাপ দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে কাউন্সিলর এ কে এম মোর্শেদ বলেন, কে প্যানেল মেয়র হবেন তা আগে থেকেই গোপনে ঠিক করে রাখা হয়। এ খবর জানার পর লোকজন এর প্রতিবাদ জানান।
জানতে চাইলে সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্যানেল মেয়র নির্বাচনসহ ১৩টি এজেন্ডা নিয়ে গতকাল রোববার সকালে পৌরসভা কার্যালয়ে সভা ডাকা হয়েছিল। কিন্তু একজন কাউন্সিলরের সমর্থকেরা কার্যালয়ে প্রবেশ করে হট্টগোলের মধ্য দিয়ে ওই কাউন্সিলরকে প্যানেল মেয়র করার জন্য চাপ দেন।
মেয়র বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্যানেল মেয়র নির্বাচনের কথা ছিল। কিন্তু একজন কাউন্সিলর ও তাঁর সমর্থকেরা চাপ প্রয়োগ করায় আপাতত প্যানেল মেয়র নির্বাচন স্থগিত করা হয়েছে।