হট্টগোলে সভা পণ্ড, পুলিশি পাহারায় সভাস্থল ছাড়লেন গণশিক্ষা প্রতিমন্ত্রী
লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের জন্য ডাকা মতবিনিময় সভা তুমুল হট্টগোলে পণ্ড হয়ে গেছে। মতবিনিময় সভার প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন কিছুক্ষণের জন্য মিলনায়তনে আটকা পড়েন। পরে কমিটি গঠন না করেই তিনি পুলিশি পাহারায় সভাস্থল ত্যাগ করেন। আজ বুধবার লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এসব ঘটনা ঘটে।
এদিকে কমিটি গঠন না হওয়ায় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সদর উপজেলার মোস্তাফিরহাটে লালমনিরহাট-রংপুর আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত অবরোধ করে রাখেন। পরে পুলিশ এলে যান চলাচল শুরু হয়।
উল্লেখ্য, গত বছরের ৮ ডিসেম্বর লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের দ্বিবার্ষিক কাউন্সিলে মতপার্থক্যর কারণে কমিটি গঠন হয়নি। এরপর এ বছরের ২৩ ফেব্রুয়ারি সম্মেলনে কমিটি গঠন নিয়ে সমঝোতা হয়। সমঝোতা সত্ত্বেও কমিটি গঠন না হওয়ায় ৯ জুন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ স্বাক্ষরিত এক চিঠিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সদর উপজেলা কমিটি গঠন করতে নির্দেশনা দেওয়া হয়। এ নির্দেশনার আলোকে আজ বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলরদের মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা শুরু হয়। জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোকুণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার বক্তব্যের একপর্যায়ে তুমুল হট্টগোল শুরু হলে সভাটি পণ্ড হয়ে যায়। এ সময় প্রতিমন্ত্রী পুলিশি পাহারায় সভাস্থল থেকে বের হয়ে যান।
মতবিনিময় সভা পণ্ড ও পুলিশি পাহারায় প্রতিমন্ত্রীর সভাস্থল ত্যাগের ব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘সৃষ্ট হট্টগোলের কারণে মতবিনিময় সভাটি চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।’ এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, মতবিনিময় সভায় নিরাপত্তার দায়িত্ব পালন করছিল পুলিশ। সভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে নিরাপত্তার স্বার্থে প্রতিমন্ত্রীকে পুলিশি পাহারায় বের করে আনা হয়।
ওসি বলেন, মোস্তাফিরহাটে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।