হট্টগোলে সাক্ষ্য গ্রহণ হয়নি খালেদার দুই মামলার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বুধবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও দুই পক্ষের আইনজীবীদের হট্টগোলের কারণে তা হয়নি। পরে আদালত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব আসামির উপস্থিতিতে ২২ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।
পুরাণ ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় এ তারিখ ধার্য করেন।
একই সঙ্গে বিচারক আদালতের ভাবমূর্তি রক্ষায় পরবর্তীতে এ মামলা পরিচালনার দায়িত্বে নিয়োজিত আইনজীবীদেরই শুধু আদালতে উপস্থিত থাকতে বলেছেন।
আদালত সূত্র জানায়, বেলা ১১টার দিকে মামলার বিচারকাজ শুরু হলে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, নিরাপত্তাহীনতার কারণে খালেদা জিয়া আজ আদালতে উপস্থিত হতে পারেননি। তাই তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। একই সঙ্গে আরেকটি আবেদন করে মামলার কার্যক্রম মুলতবির আরজি জানানো হয়। এ পরিপ্রেক্ষিতে আদালত খালেদা জিয়ার অনুপস্থিতির আবেদন মঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেন। এ নিয়ে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে হইচই ও ধাক্কাধাক্কি শুরু হয়। এই পরিস্থিতিতে দুপুর সাড়ে ১২টার দিকে বিচারক এজলাস ত্যাগ করেন। বেলা দেড়টার দিকে বিচারক আবারও এজলাসে আসেন। এ সময় উভয় পক্ষের আইনজীবীরা উদ্ভূত পরিস্থিতির জন্য একে অপরকে দায়ী করেন।
খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে লিখিত অভিযোগ করে বলেন, আদালতে নিরাপত্তা নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বাইরে থেকে আইনজীবী নন, এমন লোক এনে আসামিপক্ষের আইনজীবী হোসেন আলী খানের ওপর হামলা করান। তাঁর গাউন ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনার তদন্তপূর্বক বিচার চান তাঁরা।
দুদকের আইনজীবীরা এর প্রতিবাদ করে বলেন, আদালতে বহিরাগত কাউকে আনা হয়নি। যাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি একজন শিক্ষানবিশ আইনজীবী। দুদকের কৌঁসুলি শাহ মোহাম্মদ আশরাফুল হকের ওপর আসামিপক্ষের আইনজীবীরা চড়াও হন। এ সময় শিক্ষানবিশ আইনজীবী ইমরান হাসান এগিয়ে গেলে তাঁকে লাঞ্ছিত করা হয়।
পরে আদালত উভয় পক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, এই মামলা দুটির কার্যক্রম মুলতবি করা হচ্ছে। পরবর্তী দিনে মামলা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরাই শুধু উপস্থিত থাকতে পারবেন।
খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদিন, মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, ইকবাল হোসেন, হাসান আলী খান প্রমুখ।
আর দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন, কবীর হোসেন, মো.আশরাফুল হক প্রমুখ।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
আর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদক অপর মামলাটি করে ২০১১ সালের ৮ আগস্ট। তেজগাঁও থানায় করা এ মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
চলতি বছরের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ এই দুটি মামলার অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়া হাইকোর্টে দুটি আবেদন করলেও তা ২৩ এপ্রিল খারিজ হয়।
এরপর দুই মামলায় বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১২ মে দুটি রিট করেন বিএনপির চেয়ারপারসন। গত ২৫ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ বিষয়ে বিভক্ত আদেশ দেন। পরে আবেদন দুটি নিষ্পত্তির জন্য হাইকোর্টের একটি একক বেঞ্চে পাঠানো হয়। ১৯ জুন ওই একক বেঞ্চ রিট দুটি খারিজ করেন। এ খারিজ আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল করা হয়। এর ওপর ৪ সেপ্টেম্বর শুনানি শুরু হয়ে ১১ সেপ্টেম্বর শেষ হয়। এরপর ১৪ সেপ্টেম্বর ওই লিভ টু আপিলও খারিজ করেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ।