হঠাৎ ছুটি, দফায় দফায় সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তর বাড্ডায় তোবা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনের নেত্রী মুশরেফা মিশুকে আজ বৃহস্পতিবার কারখানা ভবন থেকে নিচে নামিয়ে এনেছে পুলিশ। ওই ভবনে অবস্থানরত সব শ্রমিকদের জোর করে বের করে দেওয়া হয়েছে। এ সময় তাঁদের লাঠিপেটা করা হয় বলে অভিযোগ করেছেন শ্রমিকেরা। এখন পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ চলছে।
কয়েকজন শ্রমিকের দাবি, তাঁদের বেপরোয়াভাবে লাঠিপেটা করা হয়েছে। ধাক্কাতে ধাক্কতে বের করে দেওয়া হয়েছে।
কোনো রকমের পূর্ব ঘোষণা না দিয়ে আজ বেলা ১১টার পর থেকে উত্তর বাড্ডায় তোবা গ্রুপের আশপাশের কয়েকটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এমন ঘোষণার পর এসব কারখানার পোশাকশ্রমিকেরা রাস্তায় নেমে আসেন।
পুলিশ তাঁদের রাস্তায় জড়ো হতে না দিলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করেছে পুলিশ।
হোসেন মার্কেট থেকে দুই-তিন শ গজ দূরে মধ্য বাড্ডা এলাকার দিকে শ্রমিকেরা অবস্থান নিয়েছেন।
তাঁদের কয়েকজনের দাবি, পুলিশ তাঁদের ওপর কাঁদানে গ্যাস ছুড়েছে। শ্রমিকেরা বলেন, তোবায় আন্দোরনরত শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করতে তাঁরা এখানে জড়ো হয়েছেন।
শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহারের কথা অস্বীকার করেছে পুলিশ ।
আশপাশের সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে।
সকালে তোবা গার্মেন্টসে পানির লাইন বন্ধ করে দেওয়ার অভিযোগ করে শ্রমিকরা ।
প্রথম আলোকে দেওয়া আন্দোলনরত শ্রমিক মো. খোকনের ভাষ্য, কারখানার ভেতরের পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁরা অসুস্থ শ্রমিকদের পানি খাওয়াতে পারছেন না। ভেতরে কেবল একজন চিকিত্সক আছেন। অসুস্থ ব্যক্তির সংখ্যা অনেক হওয়ায় চিকিত্সাসেবা দেওয়া যাচ্ছে না। তা ছাড়া পর্যাপ্ত স্যালাইন ও ওষুধপথ্য নেই।
নিরাপত্তার জন্য প্রধান ফটকে রশি দিয়ে এ বাধা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওই এলাকার মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যমকর্মীদের বাইরে থেকে সংবাদ সংগ্রহ করতে হচ্ছে।