হঠাত্ নোটিশ, হল ছাড়তে বাধ্য হলেন ৮০ ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মিনিটের হঠাত্ নোটিশে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা নার্সিং কলেজের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ৮০ ছাত্রীকে হল ছাড়তে বাধ্য করেছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন আদেশ পাওয়ার পর দেশের প্রত্যন্ত অঞ্চলে যেতে ছাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েন। ছাত্রীদের অভিযোগ, বর্তমান প্রশাসনের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় কর্তৃপক্ষ তাঁদের শায়েস্তা করতে এমন অমানবিক সিদ্ধান্ত নেয়। নার্সিং কলেজে ছাত্রাবাস না থাকায় ওই শিক্ষাবর্ষের পাঁচ ছাত্র বাইরে থাকেন। তবে ডিপ্লোমা ও স্নাতক প্রথম বর্ষের ছাত্রীরা ছাত্রীনিবাসে আছেন। ছাত্রীরা জানান, দুপুর আড়াইটার দিকে অধিকাংশ ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন ঢাকা নার্সিং কলেজ ভবনের ওপরের তলায় ছাত্রীনিবাসে দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় এক সহপাঠী এসে তাঁদের জানান, দুপুর দুইটা ২৬ মিনিটে কর্তৃপক্ষ চার মিনিটের সময় বেঁধে দিয়ে ছাত্রীনিবাস ছাড়ার নোটিশ ঝুলিয়ে দিয়েছে। কলেজের সামনে বিপুলসংখ্যক নারীসহ পোশাকধারী পুলিশ অবস্থান নিয়েছে। হল ছেড়ে না গেলে তাঁদের লাঠিপেটা করে বের করে দেওয়া হবে। এ কথা শোনার পর ভয় ও আতঙ্কে সব শিক্ষার্থী তড়িঘড়ি করে কোনোমতে ব্যাগ গুছিয়ে কলেজের বাইরে জড়ো হন। বিকেল পাঁচটার মধ্যে ২০০৭-০৮ শিক্ষাবর্ষের সব ছাত্রী ছাত্রীনিবাস ছেড়ে গন্তব্যের উদ্দেশে রওনা হন। ছাত্রীনিবাস ছাড়ার আগে ছাত্রীরা প্রথম আলোকে বলেন, গতকাল কলেজের পরিস্থিতি স্বাভাবিক ছিল। কর্তৃপক্ষের আচমকা এমন নোটিশে ছাত্রীরা দিশেহারা হয়ে পড়েন। তাঁরা বলেন, ঢাকায় থাকার মতো বেশির ভাগ শিক্ষার্থীর কোনো আবাসনব্যবস্থা নেই। এই কম সময়ের মধ্যে তাঁরা দিনাজপুর, রাজশাহী, ঠাকুরগাঁও, বরিশাল ও নাটোরের মতো দূর-দূরান্তে কীভাবে যাবেন?ছাত্রীরা জানান, ঢাকা নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিংয়ের প্রথম ব্যাচের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশের পর ৮৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেন মাত্র ১০ জন। প্রতি বিষয়েই ফেল করেছেন প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী। অনুত্তীর্ণ শিক্ষার্থীরা এ ফলাফল প্রত্যাখ্যান করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করে গত সোমবার সংবাদ সম্মেলন করেন। কলেজের বিভিন্ন অনিয়মের কারণে দুই বছরেরও অধিক সময় ধরে প্রথম বর্ষে থাকতে হয়েছে তাঁদের। শিক্ষার্থীরা বলেন, সংবাদ সম্মেলন করায় কর্তৃপক্ষ তাঁদের শিক্ষাজীবন শেষ করতেই এমন সিদ্ধান্ত নিল। একজন শিক্ষার্থীর অভিভাবক চিত্তরঞ্জন কর বলেন, স্বল্প সময়ের নোটিশে শিক্ষার্থীদের এমনভাবে বের করে দেওয়া দুঃখজনক। কলেজ কর্তৃপক্ষ ও সরকারের আমলারা স্নাতক কোর্স বাতিলের জন্য এই ষড়যন্ত্রে নেমেছেন। তিনি এ ব্যাপারে শাহবাগ থানায় মামলা করবেন। গতকাল বিকেলে ঢাকা নার্সিং কলেজে গিয়ে দেখা যায়, কলেজের অধ্যক্ষ তাহাতুন নাহারের সই করা নোটিশ বোর্ডে সাঁটিয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়, অনিবার্য কারণবশত ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের ১৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের সব শিক্ষা কার্যক্রম স্থগিত করা হলো। দুপুর আড়াইটার মধ্যে উল্লিখিত শিক্ষাবর্ষের সব ছাত্রছাত্রীকে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। এ ব্যাপারে অধ্যক্ষ তাহাতুন নাহার প্রথম আলোকে বলেন, সরকারের আদেশে এই নোটিশ টাঙানো হয়েছে। এ বিষয়ে তিনি আর কিছু বলতে রাজি নন।