হঠাৎ আন্তরিকতা, বিব্রত ভোটার!
‘আসসালামু আলাইকুম, ভাই! কেমন আছেন?’ বলেই কুশল জানতে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি শুরু করেন বা করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন। আসন্ন পৌর নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ও তাঁদের সমর্থকদের হঠাৎ এমন আন্তরিকতায় অনেকেই বিব্রত। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য এক মেয়র পদপ্রার্থীর এমন ব্যবহারের কথা জানিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের কালা মিয়া বলেন, ‘পৌর নির্বাচনে আমাদের কোনো ভোট নেই। সেদিন জগন্নাথপুর বাজারে পেয়ে এক মেয়র প্রার্থী হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে দোয়া চাইলেন। প্রার্থীর এমন ব্যবহারে আমি সত্যিই মুগ্ধ।’ জগন্নাথপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী বিশ্বজিৎ বলেন, ‘আগে যাঁদের দেখলে সালাম, আদাব দিয়েও দৃষ্টি আকর্ষণ করতে পারতাম না, এখন তাঁরাই উল্টো আমাদের সালাম-আদাব দেন। প্রার্থীদের এমন মধুর ব্যবহার নির্বাচনের পর আর পাওয়া যায় না। যাঁরা সব সময় এক রকম ব্যবহার করেন, তেমন প্রার্থী দেখে ভোট দিমু।’ খোঁজ নিয়ে দেখা গেছে, শুধু মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাই নন, তাঁদের আত্মীয়স্বজন, কর্মী-সমর্থকদের আচরণ বদলে গেছে। নাগরিক ফোরাম নামের একটি আঞ্চলিক সংগঠনের যুগ্ম আহ্বায়ক নূরুল হক বলেন, ‘সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের এমন ভালো আচরণ সব সময় থাকবে এটাই নাগরিকদের কাম্য। নির্বাচনের পর তাঁদের আচার-ব্যবহার বদলে যায় বলে আমাদের কষ্ট পেতে হয়। এখন তাঁদের ব্যবহার দেখে আমরা মুগ্ধ।’