নারায়ণগঞ্জ-ঢাকা যাত্রাপথে চলাচলকারী ট্রেনে বগির সংখ্যা কমিয়ে দেওয়ায় দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। তিন দিন ধরে এই অবস্থা চললেও আগাম কোনো ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ।
৩ মে থেকে নারায়ণগঞ্জ-ঢাকা রেলপথে চলাচলকারী দুটি ইঞ্জিনের একটি দুটি বগি এবং অপরটি একটি বগি কম নিয়ে চলছে। এতে প্রতিদিন প্রায় ১০ হাজার যাত্রী যাতায়াত-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। রেলের আয় কমেছে প্রতিদিন দেড় লাখ টাকা। কর্তৃপক্ষ বলছে, ব্যবহারের অনুপযোগী বগিগুলো মেরামতের জন্য পাঠানোর কারণেই এই অবস্থা। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই প্রশ্নেরও সদুত্তর দেয়নি তারা।
ভুক্তভোগী যাত্রীদের একজন গোপাল চৌধুরী চাকরি করেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। পেশাগত কারণে তাঁকে প্রতিদিনই ঢাকা-নারায়ণগঞ্জে আসা-যাওয়া করতে হয়। তাঁর সঙ্গে নারায়ণগঞ্জ রেলস্টেশনে কথা হয় এই প্রতিবেদকের। গোপাল অভিযোগ করে বলেন, ‘প্রতিদিন সকালে আমি ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা হই। এত দিন ভালোই চলছিল। কিন্তু ৩ মে থেকে আমার মতো অনেকেই দুর্ভোগে পড়ছেন। বগি কমিয়ে দেওয়ায় এখন ট্রেনে উঠতেও প্রচণ্ড ধাক্কাধাক্কি শুরু হয়। অনেকে পড়ে গিয়ে আহতও হচ্ছেন।’
যাত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকার উদ্দেশে নারায়ণগঞ্জ রেলস্টেশন থেকে সকাল ৭টা ৩৫ মিনিটে ছেড়ে যাওয়া ট্রেনের বগি আগে ছিল সাতটি। তা থেকে কমিয়ে এখন ছয়টি করা হয়েছে। সকাল ৮টা ২০ মিনিটে ছেড়ে যাওয়া ট্রেনের বগি কমানো হয়েছে দুটি। যাত্রীসংখ্যা বেশি হওয়ায় এখন ট্রেনে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, দুই ইঞ্জিনের একটিতে দুটি করে এবং অপরটিতে একটি করে বগি কমিয়ে দেওয়া মানে ৩০০ করে যাত্রীর যাতায়াত-বঞ্চিত হওয়া। অর্থাৎ ১৬টি ট্রেনের ৩২ বারের চলাচলে প্রায় ১০ হাজার যাত্রী পরিবহন কম হচ্ছে। যাত্রীপ্রতি ১৫ টাকা ভাড়া ধরলে প্রতিদিন প্রায় দেড় লাখ টাকা লোকসান হচ্ছে।
বগির সংখ্যা কমিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে নারায়ণগঞ্জের স্টেশনমাস্টার গোলাম মোস্তফা বলেন, বগিগুলোর আসন, জানালা-দরজাসহ বিভিন্ন স্থানে মরিচা ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সেগুলো এখন যাত্রী পরিবহনের অনুপযোগী হিসেবে বিবেচিত। সেগুলো মেরামতের জন্য রেলওয়ের ওয়ার্কশপে পাঠানো হয়েছে।
তবে কবে নাগাদ সেটা হবে, এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি স্টেশনমাস্টার। বিষয়টি ঢাকার কমলাপুর রেলস্টেশনের একজন কর্মকর্তাকে ফোন করে জেনে নেওয়ার পরামর্শ দেন তিনি। স্টেশনমাস্টারের দেওয়া মুঠোফোন নম্বরে ফোন দিলে ওই কর্মকর্তা কথা বললেও নিজের পরিচয় দেননি। তিনি বলেন, বিষয়টি তিনিও জানেন না।