সিলেট সিটি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ব্যবসায়ী সর্দার শামসুল হক ওরফে শাহিন সর্দারের (৪০) মৃত্যুর ঘটনা নিয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তা (আইও) মাইনউদ্দিনকে হঠাৎ করে ‘জরুরি ট্রাফিক প্রশিক্ষণে’ ৪২ দিনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।গত শুক্রবার তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় ফেরার পরই রাত ১১টায় তাঁকে প্রশিক্ষণে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্তকারী পুলিশ কর্মকর্তার হঠাৎ প্রশিক্ষণে যাওয়ার নির্দেশনা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যোগাযোগ করলে উপপরিদর্শক মাইনউদ্দিন প্রশিক্ষণে যোগদান করতে গতকাল শনিবার ঢাকা রওনা হয়েছেন বলে জানান। ব্যবসায়ীর মৃত্যু হত্যা, না আত্মহত্যা—এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা হিসেবে গতকাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল দায়িত্ব নিয়েছেন বলে থানা সূত্র জানায়। পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে নগরের জালালাবাদ আবাসিক এলাকার নিজ বাসা থেকে সর্দার শামসুল হকের মরদেহ উদ্ধার করে পুুলিশ। বাসার একটি কক্ষের একটি জানালার গ্রিলে বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হলে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজলের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসআই মাইনউদ্দিনকে প্রশিক্ষণে পাঠানো হয়েছে। তাঁর অবর্তমানে তিনি নিজেই তদন্ত কর্মকর্তার দায়িত্ব নিয়েছেন বলে জানান। ওসি জানান, গতকাল পর্যন্ত ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের হস্তগত হয়নি। এ প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে গতকাল দুপুরে সর্দার শামসুল হকের জানাজা জালালাবাদ আবাসিক এলাকার মাঠে সম্পন্ন হয়। পরে হযরত শাহজালালের (রহ.) দরগাহ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে পরিবার সূত্র জানায়।