হঠাৎ করে তিনি দানবীর, ‘বঙ্গবন্ধুর সৈনিক’ও বটে
বিলবোর্ডের বাঁয়ে বঙ্গবন্ধু ও ডানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি। নিচে তাঁর নিজের বড় ছবি। নিজের পরিচয় দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং বঙ্গবন্ধু সঞ্চৃতি ফাউন্ডেশনের সভাপতি হিসেবে। বিলবোর্ডে নিজের নাম লিখেছেন লায়ন মো. সাখাওয়াত হেসেন হিসেবে। নামের নিচে লেখা, ‘ফরিদপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী’।ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) সংসদীয় আসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে বিভিন্ন আকারের একই বক্তব্যসংবলিত এ বিলবোর্ডগুলোর নজর এড়ানোর উপায় নেই। প্রায় এক বছর ধরে তিনি এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন, টাকা বিলাচ্ছেন। বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের বাসিন্দা মো. সাখাওয়াত হোসেন (৪৬) ঢাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সাখাওয়াত বড়। বোয়ালমারী সরকারি কলেজ থেকে সমঞ্চান ডিগ্রি অর্জনকারী সাখাওয়াত বিবাহিত এবং এক ছেলে ও দুই মেয়ের বাবা।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সামনে রেখে তিনি ওই নির্বাচনী এলাকায় ছোট-বড় তিন শতাধিক বিলবোর্ড স্থাপন করেন। এর আগে থেকে তিনি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অর্থ বিতরণ করে আসছেন। সরকারিভাবে বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য তিনি ২০ হাজার ও বোয়ালমারী মুক্তিযোদ্ধা সংসদকে ২০ হাজার টাকা দেন। ২৪ সেপ্টেম্বর এক লাখ টাকা অনুদান দিয়ে শেখর ইউনিয়নের তেলজুরি মেলা ও নৌকাবাইচের প্রধান অতিথি হন। গত দুর্গাপূজায় বোয়ালমারী বাজারের রক্ষাচণ্ডি মন্দিরে ৫০ হাজার টাকা দেন। এ ছাড়া এলাকার বিভিন্ন পূজা ও ওয়াজ মাহফিলে তিনি অনুদান দিয়ে যাচ্ছেন। সাখাওয়াত হোসেন ছাত্রজীবন বা পরে কখনো রাজনীতির সঙ্গে জড়িত হননি। তবে তাঁর এক ভাই ময়না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আরেক ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের বর্তমান সাংসদ আবদুর রহমানের বিরোধী অংশ গোপনে সাখাওয়াতের এ কর্মকাণ্ডে উৎসাহ জোগাচ্ছে। গত ১৬ ডিসেম্বর বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে সাখাওয়াতকে মাঝে রেখে পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক অবুল কালাম আজাদ।উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও কাউন্সিলর আ. মান্নান মোল্লা বলেন, যে সময় স্থানীয় সাংসদের সঙ্গে নেতা-কর্মীদের দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই সময়ে সাখাওয়াতকে কাছে পেয়ে লুফে নিয়েছেন অনেক নেতা-কর্মী। সাখাওয়াতকে ঘিরেই তাঁরা উজ্জীবিত হচ্ছেন।বারাংকোলা মাদ্রাসার শিক্ষক ও বোয়ালমারীর চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের বাসিন্দা শ্যামল কীর্তনিয়া বলেন, ‘আসলে তাঁর (সাখাওয়াত) কিছু টাকা-পয়সা হইছে। এ জন্য লোকজন পাম দিয়া (ফুলিয়ে) তা খরচ করাচ্ছে।’ সাখাওয়াত হেসেন দাবি করেন, ‘আমি বঙ্গবন্ধুর সৈনিক। ব্যবসায়িক কারণে এ পর্যন্ত রাজনীতিতে ততটা যুক্ত হইনি। সম্প্রতি বঙ্গবন্ধু সঞ্চৃতি ফাউন্ডেশন গঠন করেছেন। ১৫ বছর ধরে আমি বঙ্গবন্ধুর নামে কোরবানি দিই।’ তিনি বলেন, আদর্শ বাস্তবায়ন করতে বড় পদ নয়, প্রয়োজন শুধু আন্তরিকতার। শেখ হাসিনা বলেছেন, নতুনদের সুযোগ দেবেন। এ জন্য তিনি নির্বাচনের ব্যাপারে উৎসাহী। এ ছাড়া ফরিদপুর-১ আসনে নিবেদিতপ্রাণ নেতা-কর্মীরা অবহেলিত, নির্যাতিত ও অবাঞ্ছিত। বর্তমান সাংসদকে মনোয়ন দিলে দল হারবে বলে তাঁরা মনে করেন। আর তাঁকে মনোনয়ন দিলে এ আসন থেকে সর্বাধিক ভোটে নির্বাচিত হবেন বলে তাঁদের ধারণা।তাকে আমি একজন পাগল হিসেবে জানি—মন্তব্য করে সাংসদ আব্দুর রহমান বলেন, ‘এ পাগলের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।’