হঠাৎ কালো মেঘ সঙ্গে শিলাবৃষ্টি
সকালের শুরুটা ছিল কোথাও কোথাও রোদেলা। কিন্তু দুপুর গড়াতেই আকাশে জড়ো হলো কালো মেঘ। গতকাল বুধবার এমন কালো আকাশ অনেক দিন দেখেনি রাজধানীবাসী। এরপরই নামে ঝোড়ো বৃষ্টি। সেই সঙ্গে ছিল শিলাবৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, বৃষ্টি ও বায়ুর এমন চেহারা গতকাল হঠাৎ দেখা গেলেও এর প্রেক্ষাপট তৈরি হয়েছে এক সপ্তাহ ধরে। দিনের বেশির ভাগ সময় মেঘহীন আকাশ আর গনগনে রোদের কারণে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প মজুত হচ্ছিল। বাংলাদেশের বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য অনুযায়ী বছরের এই সময়ে শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রা থাকে ১৪ থেকে ১৬ হাজার ফুট ওপরে। গতকাল তা ১৩ হাজার ফুটের কাছে নেমে আসে। ফলে জলীয় বাষ্প দ্রুত জমাট বেঁধে বরফখণ্ড বা শিলায় পরিণত হয়ে মাটিতে ঝরেছে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে গতকাল রাজধানীতে ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। আর বৃষ্টি হয়েছে সব মিলিয়ে নয় মিলিমিটার। এই হিসাব শুধু আগারগাঁওয়ে অবস্থিত অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বসানো পরিমাপযন্ত্র থেকে নেওয়া। রাজধানীর অন্য স্থানগুলোতে কী পরিমাণে বৃষ্টি ও ঝড় হয়েছে, সেই হিসাব নেই।
এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক সাদেকুল আলম প্রথম আলোকে বলেন, এই সময়ে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি কোনো অস্বাভাবিক বিষয় নয়। কয়েক বছর পরপর এমন আবহাওয়া হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজও দেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বেশ কয়েকটি স্থানে আজও শিলাবৃষ্টি হতে পারে। দেশের বেশির ভাগ স্থানে আকাশ মেঘলা থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।