হঠাৎ কুয়াশায় আচ্ছন্ন রায়গঞ্জ
ফাল্গুনের শেষে হঠাৎ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা। গতকাল শনিবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল উপজেলার সব এলাকা। বিশেষ করে নদী-তীরবর্তী এলাকায় ঘন কুয়াশার কারণে কাছের জিনিসও দেখা যাচ্ছিল না।
উপজেলার ধানগড়া এলাকার প্রবীণ নূরভানু বেগম বলেন, ভোর হওয়ার আগে থেকেই শীতকালের মতো কুয়াশা দেখা যায়। তবে কুয়াশার কারণে শীত শীত ভাব না হয়ে ভ্যাপসা গরম ছিল।
সকালে নিয়মিত হাঁটতে বের হন এমন পাঁচজন বলেন, অনেক বছর ধরেই সকালে হাঁটতে বের হই, কিন্তু গতকালের সকালটা ছিল অনেক আলাদা। শেষ ফাল্গুনের কুয়াশায় সবকিছু ঢাকা পড়েছিল।
প্রকৃতির এমন বৈরী আচরণে রোগবালাই বাড়তে পারে বলে জানান চিকিৎসকেরা। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমীমুল এহসান তৌহিদ বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে জ্বর-ঠান্ডাসহ বিভিন্ন রোগে আক্রান্তরা চিকিৎসা নিতে আসছেন।