হঠাৎ কুয়াশায় চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটা থেকে সকাল নয়টা পর্যন্ত ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।কুয়াশার কারণে ভোররাতে দৌলতদিয়াঘাট থেকে চার শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া দুটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। একই কারণে চলাচল ব্যাহত হওয়ায় উভয় ঘাটে গতকাল বিকেল পর্যন্ত পাঁচ শতাধিক যানবাহন আটকে ছিল। এতে যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহায়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের টার্মিনাল তত্ত্বাবধায়ক মো. রফিকুল্লাহ জানান, গতকাল বৃহস্পতিবার ভোররাতের দিকে হঠাৎ করে ঘন কুয়াশা পড়তে থাকলে ফেরি চলাচল ব্যাহত হয়। ভোর সাড়ে চারটার দিকে ফেরি কুমারী ছয়টি গাড়ি নিয়ে দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই মাঝনদীতে ঘন কুয়াশার কারণে আটকে যায়।এর কিছুক্ষণ পর শাহ পরান নামক আরেকটি ফেরি ১৪টি গাড়ি নিয়ে ছেড়ে যাওয়ার পর সেটিও মাঝনদীতে আটকা পড়ে। ফেরি দুটিতে এ সময় চার শতাধিক যাত্রী ছিল।এ ঘটনার আগে পাটুরিয়া থেকে আসা ফেরি খানজাহান আলী দৌলতদিয়ার চ্যানেলে আটকা পড়ে। ভোর সোয়া পাঁচটার দিকে কুয়াশা কিছুটা কম থাকায় এটি ঘাটে ভেড়ে। এর মাত্র ১০ মিনিট পর পুনরায় ঘন কুয়াশা পড়লে সব নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শাহ পরান ও কুমারী ছাড়াও ফেরি শাহ জালাল ১৩টি গাড়ি নিয়ে পাটুরিয়ায় আটকে থাকে। সকাল নয়টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরিগুলো এক ঘাট ছেড়ে অন্য ঘাটে রওনা হয়।সকাল নয়টার দিকে দৌলতদিয়ায় দেখা গেছে, ঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ক্যানেলঘাট পর্যন্ত দুই সারিতে প্রায় ৪০০ গাড়ি আটকে আছে।ঘাটের পন্টুনে অপেক্ষমাণ ব্যক্তিগত গাড়িতে থাকা ডি এম মজিবর রহমান জানান, তিনি ভোর ছয়টায় দৌলতদিয়াঘাটে এসে আটকা পড়েন, কিন্তু সকাল সোয় নয়টায়ও ফেরিতে উঠতে পারেননি।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক তানভির হোসেন জানান, হঠাৎ কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়াঘাটে কয়েক শ গাড়ি আটকে আছে।