আজ সোমবার হঠাৎ করেই ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় তিন ঘণ্টার মতো ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে আটকা পড়ে যানবাহনবোঝাই দুটি ফেরি। এ ছাড়া উভয় ঘাটে নোঙর করে থাকতে বাধ্য হয় আরও ১৪টি ফেরি। এতে উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ গাড়ি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, ফাল্গুনের প্রথম সপ্তাহ পার হতে চললেও হঠাৎ করে আজ ভোররাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। এতে করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হয়। বেলা বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে সকাল ছয়টা থেকে এই নৌপথে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে আসা কুমারী ও কাবেরী নামক দুটি কে-টাইপ ফেরি মাঝনদীতে আটকা পড়ে। দুটি ফেরিতে যাত্রীবাহী অন্তত ১০টি বাস, ৮টি ট্রাক ও ৬টি ছোট ব্যক্তিগত গাড়ি ছিল। যাত্রী ছিল পাঁচ শতাধিক। কুয়াশার মধ্যে মাঝনদীতে আটকে থাকা যাত্রীরা দুর্ভোগের শিকার হয়। এ সময় দৌলতদিয়া প্রান্তে নোঙর করে ছিল ছয়টি এবং পাটুরিয়া ঘাটে নোঙর করে ছিল আরও আটটি ফেরি। সকাল নয়টার দিকে কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে নৌযান চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে শতাধিক এবং পাটুরিয়া প্রান্তে যাত্রীবাহী দুই শতাধিক বাস, পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য গাড়ি আটকে ছিল। নদী পাড়ি দিতে না পারায় এসব গাড়ির যাত্রীরা দুর্ভোগের কবলে পড়ে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ ভোরে ঘন কুয়াশা পড়ায় নৌযান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল। কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা ঘটার আশঙ্কায় সকাল ছয়টার পর থেকে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা পর কুয়াশা কেটে গেলে সকাল নয়টার দিকে আবার চালু হয়।