হঠাৎ কয়েক গুণ বেশি বিল, বিপাকে গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরে হঠাৎ করে চলতি মাসে বিদ্যুৎ গ্রাহকদের স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ-তিন গুণ বেশি বিল এসেছে। এই বিল নিয়ে বিপাকে পড়েছেন গ্রাহকেরা। মিটার না দেখে রিডিং বসিয়ে বিদ্যুৎ বিল তৈরি করায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান কয়েকজন গ্রাহক।

রংপুর শহরের কাচারি বাজার, ধাপ, মুন্সিপাড়া, কেরানীপাড়া, কটকিপাড়া, গোমস্তাপাড়া, শালবন, গুপ্তপাড়া, নিউ সেনপাড়া, রাধাবল্লভসহ বিভিন্ন এলাকার কিছু বাসিন্দা অভিযোগ করে বলেন, ‘বিদ্যুতের মিটার রিডাররা বাড়ি বাড়ি গিয়ে মিটার দেখে ও সেই মিটারের ছবি তুলে রিডিং অনুযায়ী বিদ্যুৎ বিল দিতেন। কিন্তু জুন মাসে মিটার রিডাররা রিডিং না নিয়ে মনগড়াভাবে রিডিং বসিয়ে বিল তৈরি করে তা আমাদের দিয়েছেন। এতে বিল অস্বাভাবিকভাবে বেড়ে যায়।’

গত শনিবার শহরের শাপলা মোড় ও কটকিপাড়ায় অবস্থিত বিদ্যুৎ বিতরণের দুটি কেন্দ্রে গ্রাহকদের ভিড় দেখা যায়। এ সময় কয়েকজন গ্রাহক বলেন, মিটারে রিডিংয়ের থেকে অনেক বেশি রিডিং দেখানো হয়েছে। তাই তাঁরা বিপাকে পড়েছেন।

শহরের কাচারি বাজারে আজাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ বলেন, ‘এখন তো মিটারের ছবি তুলে রিডিং দেখে বিল দেওয়া হয়। সে অনুযায়ী, গত মে মাসে আমার দোকানের বিল ছিল ১ হাজার ২০০ টাকা। সেখানে জুন মাসের বিল দেওয়া হয়েছে ৪ হাজার টাকা।’

শহরের মুন্সিপাড়ার বাসিন্দা শমসের আলী বলেন, মে মাসের বিলসহ প্রতি মাসে বিল আসে ৭০০-৭৫০ টাকা। সেখানে জুন মাসের বিল দেওয়া হয়েছে ১ হাজার টাকার ওপরে। তাঁদের মতো আরও অনেকে একই ধরনের অভিযোগ করেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) রংপুরের বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শংকর কুমার গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গ্রাহকদের এই অভিযোগের কারণে অফিস করাই কষ্টকর হয়ে উঠেছে। দিনভর একই কথা শুনতে হচ্ছে গ্রাহকদের কাছ থেকে।’ হঠাৎ করে কেন এমন হলো—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ মিটার রিডিংয়ের বিষয়টি দেখার দায়িত্ব একটি কোম্পানিকে দিয়েছে। তারা ঠিকমতো দায়িত্ব পালন না করায় হয়তো বা এমনটি হয়েছে।

রংপুর বিদ্যুৎ বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে নিয়োজিত সহকারী প্রকৌশলী আবদুল ওয়ালী বলেন, বিদ্যুতের মিটারের ছবি তোলার পর বিল তৈরি করা হয়। কিন্তু সেই কাজটি দায়িত্বপ্রাপ্ত কোম্পানি ঠিকমতো পালন করছে না। তাই হঠাৎ করে এ সমস্যা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের ভোগান্তির কথা বিবেচনা করে বিষয়টি ওপরে জানানো হয়েছে।