হঠাৎ খসে পড়ল ছাদের পলেস্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা পৌরসভার অস্থায়ী ভবনের ছাদের অংশবিশেষ খসে পড়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভবনের সনদ (লাইসেন্স) পরিদর্শকের কক্ষে এ ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সনদ পরিদর্শক বিপ্লব কুমার রায়।
গতকাল বৃহস্পতিবার বিপ্লব কুমার প্রথম আলোকে বলেন, তিনি বুধবার রাতে ওই কক্ষে দাপ্তরিক কাজ করছিলেন। একপর্যায়ে চেয়ার থেকে উঠে দরজার সামনে পায়চারি করেন। এর প্রায় তিন মিনিটের মাথায় বিকট শব্দে ছাদের বিশাল অংশ খসে পড়ে। এতে ওই কক্ষের টেবিল ও চেয়ার ভেঙে যায়। তিনি আরও বলেন, ‘আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি।’
পৌরসভার সচিব মো. জসিম উদ্দিন খান বলেন, দীর্ঘদিন ধরে পৌর ভবনে ছাদসহ দেয়ালে ফাটল ধরেছে। এরপরও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি নিয়ে ওই ভবনে কাজ করতে হচ্ছে। ছাদ ধসে পড়ার এ ঘটনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে জরুরি চিঠি পাঠানো হয়েছে।
পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন আকন বলেন, জরাজীর্ণ অস্থায়ী ভবনটি ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পৌরসভার নতুন নিজস্ব ভবনের আর বিকল্প নেই।