হঠাৎ খিলক্ষেত থানায় সেই ওসি
রাজধানীর খিলক্ষেত থানার সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন গতকাল শুক্রবার সন্ধ্যায় হঠাৎ কর্মস্থলে গিয়েছিলেন। তবে খিলক্ষেত থানা থেকে তাঁকে জানানো হয়, তিনি সাময়িক বরখাস্ত হয়েছেন। তাঁকে রাজারবাগ পুলিশ লাইনে যোগ দিতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওসি শামীম হোসেন কর্তৃপক্ষকে না জানিয়ে ১৫ ডিসেম্বর দুপুরে সাউদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। তবে ১৭ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়, তিনি সিক (অসুস্থতাজনিত ছুটি) রিপোর্ট করেছেন। এর পর থেকে অনুপস্থিত আছেন।
খিলক্ষেত থানার ওসির গতকাল থানায় যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে রাতে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের উপকমিশনার (প্রশাসন) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, দুই দিন আগে শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কোথায় গিয়েছিলেন, সে বিষয়ে পুলিশের গুলশান বিভাগ তদন্ত করছে।
সন্ধ্যায় খিলক্ষেত থানার ওসির সরকারি মুঠোফোন নম্বরে ফোন করা হলে তা ধরে ওই থানার পরিদর্শক (তদন্ত) খান মোহাম্মদ আশরাফউদ্দীন বলেন, তিনি (ওসি শামীম) সন্ধ্যায় থানায় যোগ দিয়েছেন। ওসির সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘স্যার একটু দূরে আছেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক খিলক্ষেত থানার একজন কর্মকর্তা জানিয়েছিলেন, ১৪ ডিসেম্বর ওসি অসুস্থ হয়ে পড়ায় থানা থেকে পুলিশ হাসপাতালের দিকে রওনা হন। এরপর তাঁরা কিছু জানেন না। তিনি অসুস্থতার জন্য বিশ্রামে আছেন। গতকালও ওই কর্মকর্তা একই কথা জানান।
কিন্তু ১৮ ডিসেম্বর রাজারবাগ পুলিশ হাসপাতালে খোঁজ নিয়ে ওই কর্মকর্তার দেওয়া তথ্যের সত্যতা মেলেনি।