হঠাৎ গুলির শব্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আসকারদীঘির পাড়ে অবস্থিত বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে নিচে পড়ে যায় কিছু গুলি। পড়েই সেগুলোর বেশির ভাগ বিস্ফোরিত হয়। এতে সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। একপর্যায়ে গুলির মালিক নিচে নেমে এসে সেগুলো কুড়িয়ে নিয়ে যান। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।সিপিডিএল নামের একটি আবাসন প্রতিষ্ঠানের তৈরি করা এই বাড়ির ষষ্ঠ তলার এ-৬ নম্বরের ফ্ল্যাটে থাকেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল আলম। তাঁর লাইসেন্স করা একটি শটগান ও একটি টু-টু বোরের রাইফেল আছে। এসব অস্ত্রের বিপরীতে মজুদ হিসেবেও রয়েছে পর্যাপ্ত গুলি ও কার্তুজ।নুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন আগে চট্টগ্রাম ক্লাবে গিয়ে পরীক্ষা করে দেখেছি, গুলিগুলো বিস্ফোরিত হয় না। তখন একজন আমাকে পরামর্শ দেন সেগুলো শুকিয়ে নিতে। আজ (রোববার) দুপুরে ফ্ল্যাটের বারান্দায় একটি চেয়ারে রাইফেল ও শটগানের গুলি ও কার্তুজ রোদে দিই। তখন শিশুরা সেখানে খেলার সময় গোলাবারুদ নিচে পড়ে বিস্ফোরিত হয়।’ খবর পেয়ে নগর পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ওই ফ্ল্যাটে গিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেন। তাঁরা কিছু বিস্ফোরিত গুলির খোসা কুড়িয়ে নেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘নিচে গোলাবারুদ পড়ার কথা শুনেই আমি ধারণা করেছিলাম, সেগুলো শুকাতে দেওয়া হয়েছে। আমার ধারণার সঙ্গে মালিকের স্বীকারোক্তি মিলে গেছে।’