হঠাৎ গ্যাস নিঃসরণ দুই ঘণ্টা পর স্বস্তি
বেলা তিনটা। ফেনী শহরের ইসলামপুর সড়ক। হঠাৎ সড়ক ফুঁড়ে বের হতে লাগল গ্যাস। সঙ্গে তেলও। এ দৃশ্য দেখার জন্য জড়ো হয়ে গেল শত শত মানুষ।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, অন্য কিছু নয়, গ্যাসলাইনের রাইজারের মুখ ফুটো হয়ে যাওয়াতে এই বিপত্তি। গতকাল শুক্রবার রাইজারের মুখ ফুটো হয়ে গ্যাস নির্গত হয়। এ সময় গ্যাসের সঙ্গে সামান্য পরিমাণে তেলও নিঃসরিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্যাস নির্গত হওয়ার খবর দ্রুত শহরে ছড়িয়ে পড়ে। এ দৃশ্য দেখার জন্য শত শত মানুষ জড়ো হওয়ায় সড়কে যানজট দেখা দেয়। এ সময় কিছু লোককে তেল সংগ্রহের চেষ্টা করতে দেখা যায়। শহরের অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকায় এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। খবর পেয়ে বাখরাবাদ গ্যাস সিস্টেমস ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশও। বাখরাবাদ গ্যাস সিস্টেমসের কর্মীদের দুই ঘণ্টার চেষ্টায় বিকেল পাঁচটায় গ্যাস নিঃসরণ বন্ধ হয়। স্বস্তি ফিরে আসে সাধারণ মানুষের মধ্যে।
বাখরাবাদ গ্যাস সিস্টেমসের ফেনী কার্যালয়ের ব্যবস্থাপক আজাহারুল ইসলাম বলেন, ওই স্থানে একটি হোটেলের রাইজার ছিল। হোটেল বন্ধ হওয়ার পর রাইজারটির মুখে ক্যাপ লাগিয়ে দেওয়া হয়। গতকাল ওই রাইজারের মুখ সামান্য ফুটো হয়ে গ্যাস নির্গত হয়। এ সময় গ্যাসের সঙ্গে সামান্য তেলও নিঃসরিত হয়। তাঁরা ওই ফুটো বন্ধ করে দিয়েছেন। তিনি জানান, গ্যাসের সঙ্গে সামান্য তেল থাকে। গ্যাসলাইনের পাইপ কোথাও নিচু থাকলে সেখানে তেল জমা হয়।