হঠাৎ চেয়ার ছোড়াছুড়িতে বিশৃঙ্খলা, ফাঁকা গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ (সোহেল​) হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে ছাত্রসমাবেশের আয়োজন করে ছাত্রলীগের একপক্ষ। এ সময় নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। ছবিটি গতকাল বিকেলের l প্রথম আলো
চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ (সোহেল​) হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে ছাত্রসমাবেশের আয়োজন করে ছাত্রলীগের একপক্ষ। এ সময় নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। ছবিটি গতকাল বিকেলের l প্রথম আলো

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ ওরফে সোহেল হত্যার প্রতিবাদে চট্টগ্রাম নগর ছাত্রলীগ আয়োজিত সমাবেশে ফাঁকা গুলিবর্ষণ, চেয়ার ছোড়াছুড়ি ও হুড়োহুড়ির কারণে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে মেয়র আ জ ম নাছির উদ্দীনের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি শেষ পর্যন্ত সমাবেশে যোগ দেননি।
সমাবেশ শেষ হওয়ার পরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী মাইকে বলতে থাকেন, ‘কিছু দুষ্কৃতকারী সমাবেশে ঢুকে পড়েছে। এদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেল পাঁচটার দিকে সমাবেশ চলার সময়ে সভাস্থলের পাশে হঠাৎ দু-তিনজন চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। এরপর সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে সভাস্থল ছেড়ে এদিক-ওদিক ছুটতে শুরু করেন। এ সময় মঞ্চ থেকে সবাইকে শান্ত থাকতে এবং সভাস্থলে ফিরে আসতে বারবার অনুরোধ করা হয়। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে আবার সভার কার্যক্রম শুরু হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে সমাবেশ সমাপ্ত ঘোষণার সঙ্গে সঙ্গে আবারও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শোনা যায়।
সমাবেশে উপস্থিত থাকা ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ প্রথম আলোকে বলেন, ‘শান্তিপূর্ণভাবে সমাবেশ চলছিল। কিন্তু সমাবেশে কিছু বহিরাগত অপরিচিত ছেলে ঢুকে পড়ে। এরা সমাবেশ চলার সময় হঠাৎ করে চেয়ার ছুড়তে শুরু করে।’ তিনি বলেন, ‘হুড়োহুড়ির কারণে এদের তখন ধরতে পারিনি। সমাবেশ সমাপ্ত ঘোষণার পরপরই আবারও এরা চেয়ার ও গুলি ছুড়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। এদের দুজনকে আটক করার চেষ্টা করেছিলাম। কিন্তু ভিড়ের মধ্যে হাত ফসকে পালিয়ে যায়।’
সমাবেশে বিশৃঙ্খলার বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিশৃঙ্খলার কথা শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ততক্ষণে সমাবেশ শেষ। কী হয়েছে, পুরো জানতে পারিনি। তবে বড় কোনো ঝামেলা হয়নি।’
এর আগে সমাবেশে বক্তারা বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তির নিজস্ব সম্পত্তি নয়। সিটি করপোরেশন ও জনগণের করের টাকায় এটি চলে। অথচ আওয়ামী লীগ নামধারী একটি চক্র এই বিশ্ববিদ্যালয়টি দখল করতে চাইছে। নাসিম আহমেদকে তাঁদের স্বার্থের বলি হতে হয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে নাসিমের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয় সমাবেশে।
সমাবেশ শুরু হওয়ার আগে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে মেয়র নাছিরের অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হন। সমাবেশে সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের সহসভাপতি মিঠুন মল্লিক। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জোবাইরা নার্গিস, কাউন্সিলর হাসান মুরাদ, এস এম এরশাদুল্লাহ, আবদুল কাদের, গোলাম মোহাম্মদ জোবায়ের, নাজমুল হক, আবিদা আজাদ, আনজুমান আরা বেগম, জেসমিন পারভিন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সদস্য আবদুল লতিফ প্রমুখ।