হঠাৎ ছিনতাই বেড়ে যাওয়ায় আতঙ্কে চট্টগ্রাম নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হঠাৎ ছিনতাই বেড়ে যাওয়ায় আতঙ্কে নগরবাসী। প্রতিদিনই নগরের কোথাও না-কোথাও ছোট-বড় ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
দু-একটি ঘটনায় মামলা দায়ের করা হলেও পুলিশি ঝামেলার কারণে অনেকেই থানায় মামলা করেন না। মামলা হলেও ছিনতাইকারীদের শনাক্ত করতে পারছে না পুলিশ। তবে পুলিশের দাবি গ্রেপ্তার অভিযান ও টহল অব্যাহত আছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশি অভিযানে পেশাদার অনেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। নেশার টাকার জন্য কিছু যুবক ছিনতাইয়ে নেমেছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। এ জন্য এলাকাভিত্তিক গোয়েন্দা পুলিশের দল কাজ শুরু করেছে।’
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরে কতজন ছিনতাইকারী রয়েছে তার কোনো সুনির্দিষ্ট তালিকা নেই পুলিশের কাছে। কারা কারাগারে আছে, আর কারা জামিনে বেরিয়ে এসেছে সেই তথ্যের হালনাগাদ নেই। এর সঙ্গে যোগ হয়েছে অপেশাদার ছিনতাইকারী। নগরের বিভিন্ন অলিগলিতে সুযোগ পেলেই ছুরিসহ বিভিন্ন অস্ত্রের ভয় দেখিয়ে পথচারী ও যাত্রীদের সর্বস্ব কেড়ে নিচ্ছে। এপ্রিল ও মে মাসে ছোট বড় ২০টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। জুন মাসেও তা থেমে নেই। সর্বশেষ গত সোমাবর সন্ধ্যায় নগরের দেওয়ানহাট ফ্লাইওভারের (উড়ালসেতু) ওপর ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে গণপিটুনি দেন স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।
নগরের মুরাদপুর, প্রবর্তকমোড়, ২ নম্বর গেট, কাজীর দেউড়ি, বিবিরহাট, পূর্ব নাসিরাবাদসহ অর্ধশতাধিক স্থানে ছিনতাই হচ্ছে হরহামেশা। সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পান ছিনতাইকারী দলের নেতা গোলাম সরোয়ার মিলন, ইমনসহ কয়েকজন। কয়েক দিন আগে পুলিশ নগরের টাইগারমোড় থেকে গ্রেপ্তার করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে হামকা গ্রুপের দলনেতা হাত কাটা জাহাঙ্গীরকে তাঁর চার সহযোগীসহ।
পুলিশ ও কারাগার সূত্র জানায়, গ্রেপ্তার হওয়ার পর জামিনে গিয়ে ফের ছিনতাইয়ে জড়িয়ে পড়েছে প্রায় অর্ধশতাধিক ছিনতাইকারী। তাঁদের মধ্যে রয়েছে আলম, নিজাম উদ্দিন, আইনুল হক, আবুল কালাম, মিরাজ, শাহাদাত, বেলাল, মনির, বোরহান উদ্দিন, আবুল কাশেম, বাকের হোসেন, আমির হোসেন, আবু সিদ্দিক, এমরান হোসেন, শাহাব উদ্দিন, রিয়াজ, ফেরদৌস, কাউসার, আসিফ, হানিফ, কিরণ, আলতাফ, ইকবাল, শাহীন ও ইমন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী মালয়েশিয়ার নাগরিক লাগদেশ (২৫) ব্যাটারিচালিত রিকশা নিয়ে কলেজে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন গত ২৯ মে সকাল সাড়ে সাতটায়। ছিনতাইকারীরা তাঁর কাছে থাকা দুই লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই দিন নগরের পাঁচলাইশ থানায় তিনি বাদী হয়ে মামলা দায়ের করলেও পুলিশ ১১ দিনেও কাউকে আটক করতে পারেনি। লাগদেশ প্রথম আলোকে জানান, এখনো বাসা থেকে বের হয়ে কলেজে যাওয়ার সময় আতঙ্কে থাকেন। উদ্ধার হয়নি টাকা। ধরা পড়েনি ছিনতাইকারীরা।
নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক প্রথম আলোকে জানান, অপেশাদার কিছু ছিনতাইকারী হঠাৎ রাস্তায় নেমে ছিনতাই করছে। এ কারণে সহজে শনাক্ত করা যাচ্ছে না তাদের।
৬ জুন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর একান্ত সহকারী সচিব রিদুয়ান করিমকে বহনকারী রিকশাটি নগরের কাজীর দেউড়ি এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা করে চার ছিনতাইকারী এসে অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ ও নগদ ২০ হাজার টাকাসহ ৮০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।