হঠাৎ ছুটির বিড়ম্বনা
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার ছিল সাধারণ ছুটি।গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার জরুরি বৈঠকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি, আধাসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়। এরপর বেলা পৌনে ১২টায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। কিন্তু তার আগেই কার্যদিবসের শুরু হয়ে যায়। ফলে আকস্মিক এ ছুটির ঘোষণায় মানুষ একই সঙ্গে বিভ্রান্তি ও বিড়ম্বনার মধ্যে পড়েন।হঠাৎ ছুটির ফলে দুপুরের দিকে রাজধানীতে সৃষ্টি হয় ব্যাপক যানজট। সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েন স্কুলগামী বাচ্চাদের অভিভাবকেরা। গুলশানের ব্যবসায়ী জহিরুল হক চৌধুরী বলেন, তাঁর মেয়ে স্কলাসটিকার মিরপুর শাখায় সপ্তম শ্রেণীতে পড়ে। প্রতিদিন বেলা তিনটায় ছুটি হয়। গতকাল বেলা দেড়টায় ফোন করে তাঁকে জানানো হয়, স্কুল ছুটি, এখনই মেয়েকে নিয়ে যেতে হবে। ওই অবস্থায় কাজ ফেলে মেয়েকে আনার ব্যবস্থা করতে গিয়ে হিমশিম খেতে হয় তাঁকে।আবার, যাঁদের বাচ্চার স্কুল শুরুই হয় বেলা ১২টায়, তাঁরা বাচ্চাকে স্কুলে পৌঁছে দিয়ে ছুটির ঘোষণা শুনে আবার ছুটে গেছেন ফিরিয়ে আনতে। মিরপুরের শেফালী কর্মকার বলেন, ছুটির ঘোষণা জানার আগেই শেষ হয়ে যায় তাঁর মেয়ের স্কুল।ছুটির ঘোষণা আসার পর পরই সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজ বন্ধ করে বাড়ির উদ্দেশে চলে যেতে দেখা গেছে। কিন্তু দ্বিধার মধ্যে পড়েন ব্যাংক-বীমাসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীরা।বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, সাধারণ ছুটির অংশ হিসেবে বেলা দুইটা থেকে বাংলাদেশ ব্যাংকসহ সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়।রাষ্ট্রপতির মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতির আহ্বানে গতকাল নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর আদালতের কার্যক্রম শুরু হয়। পরে ছুটির ঘোষণা এলে মামলাগুলোর শুনানি যে অবস্থায় ছিল, ওই অবস্থায় পরবর্তী কার্যদিবস পর্যন্ত মুলতবি রেখে বিচারকেরা এজলাস ছেড়ে যান।