হঠাৎ জলাবদ্ধ ৩০ পরিবার

পঞ্চগড় পৌরসভার এম আর কলেজ রোডের ডোকরোপাড়ায় প্রায় ৩০টি পরিবার আকস্মিক জলাবদ্ধতায় পড়েছে। ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, পাশের একটি কালভার্টের মুখে দেয়াল নির্মাণ করায় বৃষ্টির পানি সরতে না পেরে এ অবস্থা তৈরি হয়েছে। কয়েক দিন ধরে পঞ্চগড়ে টানা বৃষ্টি হচ্ছে।
ডোকরোপাড়ায় গিয়ে দেখা গেছে, কয়েক দিনের বৃষ্টিতে সেখানে হাঁটুর ওপর পানি জমেছে। অনেক বাড়ির আঙিনাতেও পানি। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, আগে এই এলাকায় জলাবদ্ধতা ছিল না। এম আর কলেজ রোডের একটি কালভার্ট দিয়ে বৃষ্টির পানি দ্রুত সরে যেত। এক বছর আগে ওই এলাকায় জমি কিনে এক ব্যক্তি কালভার্টের পানি নেমে যাওয়ার স্থানে দেয়াল নির্মাণ করেন। তবে এলাকাবাসী দেয়াল নির্মাণকারী ওই ব্যক্তির নাম জানাতে চাননি। তবে তিনি দেয়াল নির্মাণের পর থেকেই এই এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে বলে জানান এলাকাবাসী। এ বিষয়ে বেশ কয়েকবার পৌর মেয়র ও স্থানীয় কাউন্সিলরের কাছে অভিযোগ করা হলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি।
ডোকরোপাড়ার গৃহিণী আফরোজা বেগম বলেন, ‘কয়েক দিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় আটকে গেছি আমরা। পানি সরে না যাওয়ায় চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছি। হাঁটুসমান ময়লা পানি ডিঙিয়ে ছেলেমেয়েরা স্কুলে যেতে চায় না।’
একই এলাকার তফছের আলী বলেন, ‘আমাদের এলাকায় ৩০টি পরিবারের বাস। কিন্তু পানি সরার মতো ড্রেন না থাকায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সপ্তাহ খানেক সময় ধরে এলাকায় পানি জমে থাকায় আমার একটি পেঁপেবাগান নষ্ট হয়ে গেছে।’
এ ব্যাপারে ওই এলাকার পৌর কাউন্সিলর বেলাল হোসেন কালভার্টের মুখ দেয়াল দিয়ে বন্ধ করে দেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ‘রাতারাতি এখানে কে বা কারা দেয়াল নির্মাণ করেছে তা আমরা জানি না। পৌর মেয়র দেশের বাইরে আছেন। তিনি ফিরলে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’