হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি গাছ উপড়ে গাড়ির ওপর পড়ে l প্রথম আলো
মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি গাছ উপড়ে গাড়ির ওপর পড়ে l প্রথম আলো

দুই দিনের গরমের পর ঝমঝমিয়ে বৃষ্টি হঠাৎ ভিজিয়ে দিল রাজধানীবাসীকে। গতকাল দুপুরের এই এক পশলা বৃষ্টিতেই অনেক রাস্তায় পানি জমে যায়। এ কারণে নগরের অনেক স্থানেই দীর্ঘ যানজটও হয়। তবে বৃষ্টির সময় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন পথচারীরা। দুপুরে মুষলধারে বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া শুরু হলে বিশালাকার একটি গাছ উপড়ে বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে।
আবহাওয়া দপ্তর বলেছে, গতকাল মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে বৃষ্টি হলেই যে রাজধানীতে জলাবদ্ধতা হবে, তা আর নতুন কিছু নয়। গতকালও সেই অবস্থায় পড়তে হয়েছে নগরবাসীকে। অনেক এলাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে গৃহস্থালির বর্জ্য এবং নির্মাণাধীন বাড়ির বালু ড্রেনেজ লাইনগুলো বন্ধ করে দিয়েছে বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হলেও এ নিয়ে কারও কোনো ভ্রুক্ষেপ নেই। এর আগে শেওড়াপাড়ার পেছনে ডোবা ছিল। সেটি ভরাট করে ফেলায় গতকালের বৃষ্টিতে শেওড়াপাড়া, কাজীপাড়া ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা হয়েছে বলে এলাকার লোকজন ফোন করে প্রথম আলোকে জানিয়েছেন। শুধু রোকেয়া সরণি নয়, নগরের মতিঝিল, নয়াপল্টন, ফকিরাপুল, শান্তিনগরসহ অসংখ্য স্থানে গতকাল পানি জমে ছিল। এতে অফিসযাত্রী, রিকশাচালক, বাসচালক, দিনমজুর, দোকানদারসহ সব শ্রেণির পেশাজীবী দুর্ভোগে পড়েন। ব্যক্তিগত গাড়ি চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
সকালে রাজধানীর মালিবাগ মোড় থেকে মতিঝিল আইডিয়াল কলেজে যাওয়ার জন্য রিকশা পাচ্ছিলেন না এক ছাত্রের মা। একটি রিকশার দেখা মিললেও সুযোগ পেয়ে ২০ টাকার ভাড়া ৬০ টাকা হাঁকেন রিকশাওয়ালা। দর-কষাকষি করতে গেলে আরেকজন সেটিতে উঠে পড়েন। পরে তিনি আর কোনো রিকশা বা অন্য বাহন পাননি।
ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, সকালে শহীদ মিনারের কাছে একটি গাছ উপড়ে বৈদ্যুতিক খুঁটির ওপর আছড়ে পড়ে। এ কারণে রাস্তায় জমে যাওয়া পানিও বিদ্যুতায়িত হয়ে যায়। এর ঠিক আগে সেখানে চিকিৎসকদের একটি মানববন্ধন পালিত হয়। এতে একটি গাড়ি গাছের নিচে চাপা পড়ে। তবে কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন। তবে অঝোরে বৃষ্টি হওয়ায় এ সময় যান চলাচল ছিল সীমিত।
পরে ফায়ার সার্ভিসের লোকজন বৈদ্যুতিক খুঁটি সরিয়ে ফেলেন। রাস্তাটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। বৃষ্টির পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে ওই কর্মীরা জানান।