হঠাৎ ঝড়-বৃষ্টি, উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি

শহরের বিভিন্ন রাস্তায় ভেঙে পড়ে আছে গাছ, মরে আছে পাখি। ভাঙা গাছ পড়ে থাকায় রাস্তায় গাড়ি চলাচল বন্ধ। এখানে-সেখানে জমে আছে বৃষ্টির পানি।
গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের সামনে, পান্থকুঞ্জ, মিরপুর রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কসহ বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়েছিল। ক্রিসেন্ট লেকের বিভিন্ন স্থানেও বড় বড় গাছ রাতের ঝড়ে উপড়ে পড়ে।
সোমবার সকাল পৌনে সাতটায় হঠাৎ করেই এই ঝড়-বৃষ্টি শুরু হয়েছিল। ঘুম থেকে উঠে কাজের সন্ধানে বাইরে বের হওয়া মানুষ তখন দুর্ভোগে পড়েন। সারা দিন আবহাওয়া শান্ত থাকলেও রাত ১১টার পর আবার শুরু হয় ঝড়-বৃষ্টি। সঙ্গে পড়ছিল শিলাও। ঝড়ে বিভিন্ন স্থানে বড় বড় গাছ এবং একাধিক বৈদ্যুতিক খুঁটি উল্টে পড়ে। রাস্তায় থাকা নিম্ন আয়ের মানুষসহ সবাইকে দুর্ভোগে পড়তে হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গত সোমবার সকাল ছয়টা থেকে গতকাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৯১ মিলিমিটার। আজ বুধবারও অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ঝড়-বৃষ্টির কারণে গরম বেশ কমেছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, পশ্চিমা লঘুচাপ দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বেশি সক্রিয় রয়েছে। এর প্রভাবে ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে।
গতকাল ভোর পাঁচটায় সরেজমিনে দেখা যায়, মহানগর নাট্যমঞ্চের সামনের রাস্তায় বিশাল একটি গাছ ভেঙে পুরো রাস্তা আটকে আছে। এই পথে আসা গাড়িগুলো উল্টো পথ দিয়ে গুলিস্তানে যাচ্ছে।

সোমবার দিবাগত রাত ১২টায় পান্থকুঞ্জ পার্কের একটি বড় গাছ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে উপড়ে পড়ে। পার্কসংলগ্ন একটি বড় বৈদ্যুতিক খুঁটি ও সড়কের মাঝে বসানো এলইডি বাতির দুটি খুঁটি হেলে পড়ে। রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা, ওসমানী উদ্যানেও কিছু গাছ ভেঙে পড়ে। এসব গাছে বাস করা অনেক পাখি মারা যায়। সোহরাওয়ার্দী উদ্যান থেকে আহত কিছু পাখিকে উদ্ধার করে শিক্ষার্থীরা চিকিৎসার ব্যবস্থা করেন। এদের একজন মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখেন কয়েকটি পাখি মরে পড়ে আছে। ভাঙা গাছের চাপায় এগুলো মারা গেছে। আহত অবস্থায় দুটো ভুবনচিল উদ্ধার করে তারা বঙ্গবাজারের পেছনে প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
গতকাল ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ভেঙে গেছে স্টেডিয়ামের প্রেসবক্সের কাচের দেয়াল ও তিন নম্বর ভিআইপি গ্যালারির প্রবেশদ্বার। প্রেসবক্সের গ্লাসের দেয়াল ভেঙে সাংবাদিকদের কাজ করার ১১টি টেবিলও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের সময় স্টেডিয়াম পুরোপুরি বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
