হঠাৎ ট্রলারভাড়া বাড়ায় রূপসাপারে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলের দাম বাড়ার অজুহাতে গত বুধবার থেকে খুলনার রূপসা খেয়াঘাটে হঠাৎ ট্রলার (শ্যালো ইঞ্জিনচালিত নৌকা) ভাড়া বাড়ানো হয়েছে। এতে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রূপসাপারের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ভৈরব নদের পশ্চিম পারে খুলনা নগরে আসা-যাওয়ার জন্য বহু বছর ধরে পূর্ব পারের রূপসা-তেরখাদার মানুষ নৌকায় করে পারাপার হয়ে আসছে। শুধু রূপসা খেয়াঘাট দিয়ে খুলনা নগরে প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষ ইঞ্জিনচালিত নৌকায় করে আসা-যাওয়া করে। সম্পূর্ণ ব্যক্তি-উদ্যোগে ট্রলারমাঝিরা বেশ কয়েক বছর ধরে যাত্রীপ্রতি দুই টাকা, মোটরসাইকেলপ্রতি ১০ টাকা করে নিয়ে প্রতিটি নৌকায় ২৫ থেকে ৩০ জন যাত্রী পারাপার করতেন। কিন্তু বুধবার থেকে হঠাৎ মাঝিরা যাত্রীপ্রতি তিন টাকা, মোটরসাইকেলপ্রতি ১৫ থেকে ২০ টাকা করে আদায় করছেন। গত বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যাত্রী ও মাঝিদের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। মাঝি আবদুল গফুর ৪৮ জন যাত্রীসহ তাঁর ট্রলারটি রূপসাপারে এনে ভেড়ান। ওই ট্রলারের যাত্রী ব্যবসায়ী শহিদুল ইসলাম (৪৫) বলেন, ‘ভাড়া একেবারে জোর করেই দুই টাকার পরিবর্তে তিন টাকা নেছে।’ যাত্রী জিয়াউর রহমান (৩০) মোটরসাইকেল নিয়ে নৌকা থেকে নামার পর ভাড়া কত নিয়েছে, জানতে চাইলে বলেন, ‘আজ ২০ টাকা চাইছিল। বলে-কয়ে ১৫ টাকা দিছি। কিন্তু আগে ১০ টাকা নিত।’ চাকরিজীবী মোহন কুণ্ডু বলেন, ‘হঠাৎ কাল থেকে দুই টাকার ভাড়া তিন টাকা করে নিচ্ছে। আমাদের তো পার হতেই হবে।’ নগরের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘রূপসাঘাটের একটু দূরে জেলখানা ঘাটে একসঙ্গে দুটি নদী পার হতি হয়। তারা এখনো দুই টাকা করেই নেচ্ছে।’ ব্যবসায়ী মো. শহীদ বলেন, ‘ভাড়া বেশি নেওয়ার বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’ ‘পূর্ব-পশ্চিম রূপসা ইঞ্জিনচালিত নৌকা মাঝি সংঘ’-এর কোষাধ্যক্ষ নুরুল হক ফকির (৫৫) বলেন, ‘তেলের দামের পাশাপাশি আলকাতরা ও শ্রমিকের মজুরি যেভাবে বাড়েছে, তাতে ভাড়া না বাড়ায়ে চলব কী করে? তাই একটু বাড়াইছি।’ কমিটির সদস্য ফজলুর রহমান মাতুব্বর বলেন, ‘তেলের পাম্পে ধর্মঘটের কারণে ডিজেল চোরাপথে ৮০ টাকা লিটার দরে কিনতে হচ্ছে তো, তাই একটু বাড়াতে হয়েছে।’ রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনা জানার পর বুধবার বিকেলে র‌্যাব নিয়ে আমি ঘাটে গিয়েছিলাম। বৃহস্পতিবার মাঝিদের সঙ্গে মিটিং করে বেশি ভাড়া ও ট্রলারে বেশি লোক না নিতে বলে দেওয়া হয়েছে। এর পরও তা করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ রূপসা উপজেলা চেয়ারম্যান শেখ আলী আকবর বলেন, ‘বৃহস্পতিবার মাঝিদের সঙ্গে মিটিং করে বলে দেওয়া হয়েছে, জনপ্রতি ভাড়া দুই টাকা আর ট্রলারে ২৫ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না।